২৩ অক্টোবর ঢাকায় পাঁচ ব্যান্ডের জমজমাট কনসার্ট
দেশের জনপ্রিয় পাঁচটি ব্যান্ডকে নিয়ে আগামী ২৩ অক্টোবর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রক অ্যান রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্ট। ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় আয়োজিত এ অনুষ্ঠানে একই মঞ্চে সংগীত পরিবেশন করবে নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য।পাঁচ ব্যান্ডের পাশাপাশি কনসার্টে একক পরিবেশনায় অংশ নেবেন জনপ্রিয় গিটারিস্ট অনি হাসান ও এ কে রাহুল।আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের অনুমতি নেওয়া হয়েছে। বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হলে নির্ধারিত সময়েই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।ইতোমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। গত সোমবার (১২ অক্টোবর) থেকে অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।আগ্রহী দর্শকেরা টিকিফাই ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।তবে কনসার্টে প্রবেশের ক্ষেত্রে কয়েকটি শর্ত নির্ধারণ করেছে আয়োজক কর্তৃপক্ষ। একটি টিকিট দিয়ে ভেন্যুতে মাত্র একবার প্রবেশ করা যাবে। অর্থাৎ কেউ অনুষ্ঠানস্থলে প্রবেশের পর বাইরে বের হলে একই টিকিট ব্যবহার করে দ্বিতীয়বার ঢুকতে পারবেন না।এ ছাড়া দর্শকেরা হাতব্যাগ ছাড়া বড় আকারের কোনো ব্যাগ সঙ্গে নিতে পারবেন না। অনুষ্ঠানস্থলে প্রবেশ ও নিরাপত্তাসংক্রান্ত আরও কিছু নির্দেশনা টিকিট বিক্রির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশনস ২০২২ সাল থেকে ‘রক অ্যান রিদম’ সিরিজের কনসার্ট আয়োজন করে আসছে।এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আয়োজনের পঞ্চম আসর। আগের আয়োজনগুলোর ধারাবাহিকতায় এবারও দেশের পরিচিত রক ও মেটাল ব্যান্ডগুলোর অংশগ্রহণ নিশ্চিত করেছে আয়োজকেরা।বাংলাদেশের রক ও মেটাল সংগীতপ্রেমীদের মধ্যে ‘রক অ্যান রিদম’ কনসার্ট সিরিজ ইতোমধ্যে পরিচিতি পেয়েছে। এবারের আয়োজনে পাঁচ ব্যান্ডের পাশাপাশি দুই গিটারিস্টের একক পরিবেশনা থাকায় দর্শকদের জন্য থাকছে ভিন্নধর্মী সংগীত অভিজ্ঞতার সুযোগ।