ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাছের উৎপাদন ৫১ লাখ টন, রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর

দেশে প্রতিবছর প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হলেও রপ্তানি খাতে সেই সম্ভাবনার পুরোপুরি ব্যবহার হচ্ছে না বলে মনে করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মৎস্যপণ্যের অবস্থান শক্তিশালী করতে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করে সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।রোববার (২২ নভেম্বর) রাজধানীর মৎস্য ভবনে বিশ্ব মৎস্য দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মাছ গভীরভাবে জড়িয়ে আছে। বর্তমানে দেশের মাছ উৎপাদন অভ্যন্তরীণ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এ খাত থেকে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগও রয়েছে।মৎস্য রপ্তানির অতীত অবস্থান তুলে ধরে তিনি জানান, একসময় তৈরি পোশাকশিল্পের পর মৎস্য খাতের রপ্তানি আয় উল্লেখযোগ্য ছিল। পর্যাপ্ত সম্ভাবনা থাকার পরও বর্তমানে কেন প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হচ্ছে না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।দেশের নদী ও জলাশয়ের পরিবেশ উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী ইতিমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখননের ঘোষণা দিয়েছেন। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং জলজ পরিবেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়তে পারে।বিশেষ করে ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র হিসেবে গুরুত্বপূর্ণ নদী ও মোহনাগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।মৎস্যসম্পদের উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান সুলতান সালাউদ্দিন টুকু। গবেষক, বিশেষজ্ঞ ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে মৎস্য খাতের বিদ্যমান সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে। এতে মাছের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে।

মাছের উৎপাদন ৫১ লাখ টন, রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর