টাচস্ক্রিন ম্যাকবুক প্রো: সুবিধার সঙ্গে বাড়তি পরিচ্ছন্নতার চাপ
অ্যাপলের নতুন টাচস্ক্রিন ম্যাকবুক প্রোতে সরাসরি ডিসপ্লেতে ট্যাপ, সোয়াইপ ও জুম করার সুবিধা যুক্ত হচ্ছে। তবে আধুনিক এই ফিচার ব্যবহারের পাশাপাশি স্ক্রিনে আঙুলের ছাপ ও তেলতেলে দাগ জমার সমস্যাও বাড়তে পারে। বিশেষ করে যারা নিয়মিত ল্যাপটপে কাজ করেন, তাদের জন্য ডিসপ্লে পরিষ্কার রাখাটা বাড়তি ঝামেলা হয়ে উঠতে পারে।২৮ অক্টোবর প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সিএনইটিতে প্রকাশিত এক মন্তব্যধর্মী প্রতিবেদনে এ আশঙ্কার কথা তুলে ধরেছেন লেখক জেফ কার্লসন। তাঁর মতে, টাচস্ক্রিনের সুবিধা পাওয়ার বিনিময়ে ব্যবহারকারীদের বারবার ডিসপ্লে পরিষ্কার করতে হতে পারে।কেন বাড়তে পারে আঙুলের ছাপের সমস্যাকার্লসনের ব্যাখ্যা অনুযায়ী, ল্যাপটপে স্বাভাবিক কাজ করার সময় ব্যবহারকারীর আঙুল থেকে কিবোর্ডে তেলজাতীয় উপাদান জমে। পরে ঢাকনা বন্ধ করলে কিবোর্ডের সংস্পর্শে থাকা এসব অবশিষ্টাংশ ডিসপ্লের কাচে লেগে দাগ তৈরি করতে পারে।টাচস্ক্রিন ব্যবহারের কারণে এই সমস্যা আরও দৃশ্যমান হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, সরাসরি স্ক্রিনে বারবার ট্যাপ করা, সোয়াইপ করা কিংবা আঙুল দিয়ে জুম ইন ও জুম আউট করলে ডিসপ্লেতে আঙুলের ছাপ পড়ার সুযোগ বাড়ে।নতুন ম্যাকবুক প্রোতে এ ধরনের দাগ কমাতে ওলিওফোবিক কোটিং ব্যবহার করা হয়েছে। বিশেষ ধরনের এই প্রলেপ আঙুলের তেল ও ছাপের দাগ কমাতে সহায়তা করে। অ্যাপলের অন্যান্য টাচস্ক্রিন ডিভাইসেও একই প্রযুক্তি রয়েছে। তবে বড় আকারের প্রো এক্সডিআর ডিসপ্লেতে এটি কতটা কার্যকর হবে, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়ার সুযোগ নেই বলে মনে করেন কার্লসন।স্ক্রিন পরিষ্কারের খরচও আলোচনায় এনেছেন তিনি। অ্যাপলের পলিশিং ক্লথ বা পরিষ্কারের কাপড়টির দাম ৯ ডলার। এটি ম্যাকবুকের সঙ্গে বিনা মূল্যে দেওয়া হয় না; আলাদাভাবে কিনতে হয়।উন্নত ডিসপ্লের সুবিধা বনাম দাগের বিড়ম্বনানতুন ম্যাকবুক প্রো-এর অন্যতম আকর্ষণ এর ডিসপ্লে। অ্যাপলের দাবি অনুযায়ী, এতে সর্বোচ্চ ২ হাজার নিট উজ্জ্বলতা পাওয়া যাবে। ওএলইডি প্রযুক্তির কারণে পর্দায় গভীর কালো রং এবং প্রাণবন্ত রঙের অভিজ্ঞতাও মিলবে।উন্নত ছবির মানের কারণে ফটোগ্রাফার ও সৃজনশীল পেশার মানুষের কাছে ডিসপ্লেটি বিশেষ আকর্ষণীয় হতে পারে। তবে স্ক্রিনে আঙুলের ছাপ বা তেলতেলে দাগ থাকলে ছবি সম্পাদনা ও পর্যালোচনার সময় সমস্যা তৈরি হতে পারে। এমনকি কাচের ওপরের দাগকে ছবির ধুলাবালি কিংবা অন্য কোনো ত্রুটি বলেও ভুল হতে পারে।নিজেও একজন ফটোগ্রাফার হওয়ায় কার্লসন মনে করেন, ছবির সূক্ষ্ম বিষয়গুলো পর্যবেক্ষণের সময় ডিসপ্লেতে দাগ থাকা বেশ বিরক্তিকর। ফলে উন্নত ডিসপ্লের সুবিধা পুরোপুরি কাজে লাগাতে স্ক্রিন পরিষ্কার রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।টাচস্ক্রিনের প্রয়োজন কতটা?দীর্ঘদিন ধরে ম্যাকবুকে সরাসরি টাচস্ক্রিন ব্যবহারের ধারণা থেকে দূরে ছিল অ্যাপল। এর আগে প্রতিষ্ঠানটি ম্যাকবুক প্রোতে টাচভিত্তিক নিয়ন্ত্রণের জন্য টাচ বার চালু করলেও পরবর্তী সময়ে ফিচারটি বন্ধ করে দেয়।তবে স্মার্টফোন ও ট্যাবলেটের ব্যাপক ব্যবহারে ট্যাপ, সোয়াইপ এবং পিঞ্চ করে জুম করার মতো অঙ্গভঙ্গি এখন অনেকের কাছেই পরিচিত। নতুন ম্যাকবুক প্রোতে এসব সুবিধা কাজে লাগিয়ে ম্যাপে জুম করা, নোটিফিকেশন সরিয়ে দেওয়া কিংবা সৃজনশীল কাজের বিভিন্ন সফটওয়্যারের ফিচার ব্যবহার করা সহজ হতে পারে।তারপরও সব ব্যবহারকারীর কাছে টাচস্ক্রিন সমান প্রয়োজনীয় নাও হতে পারে। যারা কিবোর্ড ও ট্র্যাকপ্যাড ব্যবহার করে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য সরাসরি ডিসপ্লেতে স্পর্শ করার সুবিধা খুব বেশি গুরুত্বপূর্ণ না-ও হতে পারে।কার্লসনের মতে, নতুন ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন ব্যবহার না করেও আগের মতো কাজ চালিয়ে যাওয়া সম্ভব। তাই যে সুবিধা অনেকের ক্ষেত্রে খুব কম ব্যবহৃত হতে পারে, সেটির জন্য অতিরিক্ত অর্থ খরচ করা কতটা যৌক্তিক, তা ভেবে দেখার বিষয়। বিশেষ করে যখন টাচস্ক্রিন সুবিধাটি নতুন ওএলইডি ডিসপ্লের সঙ্গে যুক্ত করা হচ্ছে।সব মিলিয়ে নতুন ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিনের সুবিধা ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করলেও ডিসপ্লে পরিষ্কার রাখার বাড়তি ঝামেলা এই ফিচারের গ্রহণযোগ্যতায় কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।সূত্র: সিএনইটি।