শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
কার্যক্রম নিষিদ্ধ এমন কোনো রাজনৈতিক দলকে দেশে কোনো ধরনের কর্মকাণ্ড বা অপতৎপরতা চালাতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, আসন্ন ডিসেম্বরে সম্ভাব্য যেকোনো বিশৃঙ্খলা ও নাশকতামূলক অপচেষ্টা রুখে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।বুধবার (৭ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।ডিবি প্রধান বলেন, আইন অনুযায়ী যেসব রাজনৈতিক দল বা তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, তাদের কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেন, দেশের সাধারণ মানুষ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় বসবাসকারী নাগরিকদের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ডিবি সর্বদা সজাগ রয়েছে এবং যেকোনো ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে।ডিসেম্বর মাসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কিংবা এ কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত কোনো দলের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম স্পষ্ট করেন যে, আইন দ্বারা নিষিদ্ধ কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না। এ বিষয়ে পুলিশের অবস্থান আপসহীন এবং গোয়েন্দা নজরদারির পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।