ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেধাবী শিক্ষার্থীদের দেশ ও মানুষের প্রতি যে বার্তা দিলেন মাহদী আমিন

বিশ্বমানের শিক্ষা ও দক্ষতা অর্জনের পাশাপাশি নিজের দেশ, শেকড় ও মানুষের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি তরুণ সমান সুযোগ নিয়ে স্বপ্ন দেখতে এবং নিজের যোগ্যতায় এগিয়ে যেতে পারবে।সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ক্রাউন প্লাজা অডিটোরিয়ামে ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, সরকারের লক্ষ্য সমতা, ন্যায্যতা ও সুবিচারের ভিত্তিতে এমন পরিবেশ তৈরি করা, যেখানে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কোনো সীমাবদ্ধতা যেন তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন ও বৈজ্ঞানিক অগ্রগতি মানুষের জীবনযাত্রা এবং কাজের ধরনে পরিবর্তন আনছে।এমন বাস্তবতায় ভালো ফলাফল ও প্রাতিষ্ঠানিক সাফল্য গুরুত্বপূর্ণ হলেও শুধু ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না।মাহদী আমিন তরুণদের স্বাধীনভাবে চিন্তা করা, প্রচলিত ধারণাকে প্রশ্ন করা এবং জটিল সমস্যার নতুন সমাধান খুঁজে বের করার আহ্বান জানান।তাঁর মতে, আগামী দিনের বিশ্বে নেতৃত্ব দিতে হলে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে প্রতিটি অর্জনের ক্ষেত্রে নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ বজায় রাখা প্রয়োজন।তরুণদের শুধু বর্তমান বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করার পরিবর্তে ভবিষ্যৎ পৃথিবী গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।মাহদী আমিন বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ রয়েছে। তাদের জ্ঞান, সৃজনশীলতা এবং দৃঢ় সংকল্প দেশের উন্নয়নের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে।তবে কেবল সম্ভাবনা থাকলেই একটি জাতির উন্নয়ন নিশ্চিত হয় না। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে মানুষের উদ্যোগ, পরিশ্রম ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।দেশের বাইরে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনের বিষয়েও শিক্ষার্থীদের উৎসাহ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।তিনি বলেন, তরুণদের বিশ্বনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জ্ঞান অর্জন, আধুনিক প্রযুক্তিতে দক্ষতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি তৈরি করা জরুরি।তবে এসব অর্জনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এবং দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ অটুট রাখতে হবে।বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের আন্তর্জাতিক পরিচিতির কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ যেভাবে বিশ্বে পরিচিতি অর্জন করেছে, তেমনি বিশ্বের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বাংলাদেশিরা নেতৃত্ব দিচ্ছেন।তিনি চান, বর্তমান প্রজন্মও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করুক।সরকার তরুণদের দক্ষতা ও সম্ভাবনা বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা এবং অনুপ্রেরণা দিতে প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মাহদী আমিন বলেন, একটি পুরস্কার বা স্বীকৃতি কোনো শিক্ষার্থীর অর্জনের শেষ ধাপ নয়। বরং এর মধ্য দিয়ে নতুন দায়িত্ব ও সম্ভাবনার পথ তৈরি হয়।ভালো ফলাফল শিক্ষার্থীর মেধা ও সক্ষমতার পরিচয় দিলেও ভবিষ্যতে সে কতদূর এগোবে, তা নির্ভর করে তার উচ্চাকাঙ্ক্ষা, পরিশ্রম এবং পরবর্তী পরিকল্পনার ওপর।তিনি আশা প্রকাশ করেন, আজকের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে নোবেল বিজয়ী, বিজ্ঞানী, প্রকৌশলী, উদ্যোক্তা ও চিন্তাবিদ তৈরি হবেন।তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।সাফল্যের কোনো একক সংজ্ঞা নেই উল্লেখ করে মাহদী আমিন শিক্ষার্থীদের নিজেদের স্বপ্ন ও পেশা নির্বাচনে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন। পারিপার্শ্বিক সীমাবদ্ধতাকে সম্ভাবনার শেষ সীমানা মনে না করে সাহস ও পরিশ্রমের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ অঞ্চলের কান্ট্রি লিড সারওয়াত রেজা এবং কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথের ভিডিও বার্তা প্রচার করা হয়।এ ছাড়া উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ডেভেলপমেন্ট কাউন্সেলর ও ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক বিনয় শর্মা এবং কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের রিজিওনাল ম্যানেজার (রিকগনিশন অ্যান্ড পলিসি, সাউথ এশিয়া) শামীম চৌধুরী।

মেধাবী শিক্ষার্থীদের দেশ ও মানুষের প্রতি যে বার্তা দিলেন মাহদী আমিন