ন্যান্টাকেট উপকূলে গালফস্ট্রিম জেটের ধ্বংসাবশেষ মিলেছে
মার্কিন অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসের ন্যান্টাকেট দ্বীপের উপকূলে বিধ্বস্ত একটি চিকিৎসা পরিবহন বিমানে থাকা ছয় আরোহীর সন্ধানে চালানো অভিযান স্থগিত করেছে দেশটির কোস্ট গার্ড। রোববার (৪ অক্টোবর) কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ ছয়জনের মধ্যে চারজন কানাডার এবং দুজন বারমুডার নাগরিক ছিলেন। বিমানটি বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল।কোস্ট গার্ডের উত্তর-পূর্ব জেলার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ম্যাথিউ লেক এক বিবৃতিতে বলেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান স্থগিত করা সহজ কোনো সিদ্ধান্ত ছিল না। দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালানোর পর পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।কোস্ট গার্ড জানিয়েছে, শনিবার গভীর রাতে বারমুডা থেকে বোস্টনগামী একটি গালফস্ট্রিম জেটের ধ্বংসাবশেষ শনাক্ত হওয়ার পর রোববার দিনভর নিখোঁজ আরোহীদের সন্ধানে অভিযান চালানো হয়। এ কাজে বিমান ও বিভিন্ন জলযান ব্যবহার করে ন্যান্টাকেটের আশপাশের সমুদ্র এলাকায় তল্লাশি চালানো হয়।ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমানটি কানাডাভিত্তিক চিকিৎসা পরিবহন প্রতিষ্ঠান ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সের নামে নিবন্ধিত ছিল। গালফস্ট্রিম জেটটি শনিবার রাত ১২টা ৪১ মিনিটে বারমুডা থেকে যাত্রা শুরু করে। স্থানীয় সময়ের হিসাবে এ সময়টি ছিল ০০:৪১ এবং গ্রিনিচ মান সময় অনুযায়ী ০৩:০১।বিমানটির শেষ যাত্রা সম্পর্কে আরও একটি তথ্য সামনে এসেছে স্থানীয় টেলিভিশন স্টেশন বোস্টন ২৫-এর প্রকাশ করা একটি অডিও ক্লিপে। সেখানে লোগান আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে বিমানের পাইলটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে শোনা যায়। নিয়ন্ত্রক পাইলটকে জিজ্ঞেস করেন, তিনি কোনো জরুরি পরিস্থিতি ঘোষণা করছেন কি না। তবে পাইলটের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।এরপর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে ন্যান্টাকেট দ্বীপের উপকূলীয় এলাকায় এর ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। দুর্ঘটনার কারণ এবং বিমানের শেষ মুহূর্তের পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।সূত্র: রয়টার্স