আগামী ২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি
সাত দিনের সফরে বাংলাদেশে এসে আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও শীর্ষস্থানীয় আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। একই দিন মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বয়ানও করবেন তিনি। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বায়তুল মোকাররমে তাঁর এই কর্মসূচি চলবে।বুধবার (১১ নভেম্বর ২০২৬) মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরের হালনাগাদ কর্মসূচি প্রকাশ করা হয়েছে। সফরের প্রধান সমন্বয়ক ও রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদের স্বাক্ষরিত সময়সূচিতে এ তথ্য জানানো হয়।প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন মুফতি তাকি উসমানি। এই সাত দিনে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলার শীর্ষ ধর্মীয় প্রতিষ্ঠান ও উলামা সম্মেলনে অংশ নেবেন তিনি।কর্মসূচি অনুযায়ী, সফরের প্রথম দিন ২২ নভেম্বর (রোববার) রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত ১৫ সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে যোগ দেবেন তিনি। পরদিন ২৩ নভেম্বর (সোমবার) রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি সম্মেলনে অংশ নেবেন।এরপর ২৪ নভেম্বর (মঙ্গলবার) চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা সফরের কথা রয়েছে তাঁর। ২৫ নভেম্বর (বুধবার) সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত উলামা সম্মেলন এবং ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বেফাক ও আল-হাইআতুল উলয়া আয়োজিত উলামা সম্মেলনে যোগ দেবেন তিনি।২৭ নভেম্বর (শুক্রবার) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার খুতবা ও বয়ান শেষে বাদ আসর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে ইসলাহী সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সফরের শেষ দিন ২৮ নভেম্বর (শনিবার) বাদ মাগরিব রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ীতে ‘দরসে বুখারি’ প্রদান করবেন এই প্রখ্যাত আলেম।উল্লেখ্য, মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের জামিয়া দারুল উলুম করাচির মহাপরিচালক এবং দেশটির মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি। ইসলামি ফিকহ, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর বিশেষ খ্যাতি রয়েছে। এছাড়া তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।