ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৭ অক্টোবরের পর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন আবেদন নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য ৭ অক্টোবরের পর আর কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। একই সঙ্গে বর্তমান তালিকায় থাকা অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া এবং শহীদ ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা তৈরিতে দল-মতের ঊর্ধ্বে উঠে যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন তিনি।বুধবার (৭ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। মুক্তিযুদ্ধে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা প্রণয়নের কৌশল এবং করণীয় নির্ধারণে এ সভার আয়োজন করা হয়।আহমেদ আযম খান বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে কোনো মিথ্যা বা কলঙ্ক রাখতে চান না তারা। এ কারণে তালিকা তৈরির ক্ষেত্রে রাজনৈতিক বা দলীয় পরিচয়ের পরিবর্তে প্রকৃত তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।তিনি জানান, সরকার গঠনের পর বিএনপির নির্বাচনি ইশতেহার অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় হাজার হাজার অমুক্তিযোদ্ধা যুক্ত হওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে শহীদ ও বীরাঙ্গনাদের তালিকা নিয়েও বিভিন্ন মহলে বিতর্ক রয়েছে। এসব বিতর্কের অবসানে মন্ত্রণালয় নির্মোহভাবে কাজ করছে বলে জানান তিনি।বর্তমান তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে আবেদনের আর সুযোগ রাখা হচ্ছে না। ৭ অক্টোবরের পর নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না।তবে এরই মধ্যে যারা আবেদন করেছেন, তাদের বিষয়টি যাচাই করা হবে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) নীতিমালা অনুযায়ী কমিটি গঠন, তদন্ত ও সাক্ষাৎকারের মাধ্যমে আবেদনগুলো চুলচেরা যাচাই-বাছাই করা হবে। যাচাইয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও কেউ তালিকা থেকে বাদ পড়েছেন বলে প্রমাণিত হলে কেবল তাদেরই তালিকাভুক্ত করা হবে।আহমেদ আযম খান বলেন, অতীতে মুক্তিযোদ্ধা বানানোর যে সংস্কৃতি বা ‘ফ্যাক্টরি’ তৈরি হয়েছিল, সেটি আর হতে দেওয়া হবে না। পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের একটি নির্ভুল ইতিহাসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে।তবে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের নির্ভুল তালিকা তৈরির কাজটি বড় হওয়ায় তা শেষ করতে কতদিন লাগবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট সময় জানাননি মন্ত্রী।বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ তিন হাজারের কিছু বেশি রয়েছে বলেও জানান তিনি।

৭ অক্টোবরের পর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন আবেদন নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী