সরকার পতনের ‘দিবাস্বপ্ন’ পূরণ হবে না: হাটহাজারীতে মীর হেলাল
চট্টগ্রামের হাটহাজারীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে যে অগ্রযাত্রা শুরু হয়েছে, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে তা রুখে দেওয়া সম্ভব নয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হাটহাজারীর ধলই কাটিরহাট বাজারে পতিত স্বৈরাচার ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে।মীর হেলাল বলেন, ফ্যাসিস্টরা পরিবার-পরিজন নিয়ে বিদেশে পালিয়ে গিয়ে এখন দেশের দরিদ্র ও অসহায় যুবকদের ভুল বুঝিয়ে তাদের জীবন বিপন্ন করার চেষ্টা করছে। তিনি আওয়ামী লীগের সমর্থকদের এবং তার ভাষায় ‘৭১-এর পরাজিত শক্তির’ সমালোচনা করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যারা দেশ থেকে পালিয়ে গেছে, তাদের বক্তব্যের সঙ্গে ১৯৭১ সালের পরাজিত শক্তির বক্তব্যের মিল রয়েছে। তাদের যে স্বপ্ন, তা বাস্তবায়িত হওয়ার নয় বলেও মন্তব্য করেন তিনি।প্রতিমন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সরকারের দুই-তৃতীয়াংশ সংসদ সদস্য জনগণের সরাসরি সমর্থনে এবং রাজপথের লড়াই-সংগ্রামের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। তাঁর ভাষায়, তারা কোনো ‘আমি-ডামি’ বা রাতের ভোটের মাধ্যমে নির্বাচিত হননি।দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মীর হেলাল দাবি করেন, বিগত সরকারের ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা এবং বিপর্যস্ত অর্থনীতি সামলে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন এবং নতুন করে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ করছেন। তাঁর দাবি, এমন সময়ে একাত্তরের পরাজিত শক্তি ও ২০২৪ সালের পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী ভোররাতে হতদরিদ্র যুবকদের সামান্য অর্থের প্রলোভন দেখিয়ে ঝটিকা মিছিল করছে এবং ভিডিও তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই এ ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেন তিনি।দলের নেতাকর্মীদের উদ্দেশে মীর হেলাল বলেন, প্রতিটি এলাকাকে সুপ্ত, গুপ্ত ও পলাতক অপরাধীদের প্রভাব থেকে মুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ ও সতর্ক থাকতে হবে।কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কিংবা অসৎ উপায়ে ভিডিও তৈরি করে বিদেশ থেকে বাংলাদেশে সরকার পতনের চেষ্টা কোনোদিন সফল হবে না বলেও হুঁশিয়ারি দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী।ধলই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজম মাস্টারের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। জাসাস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী সাইফুল ইসলাম টুটুল এবং ধলই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাসিম মেম্বার অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন।সমাবেশে উপজেলা ও জেলা পর্যায়ের বিএনপির নেতারা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক সেলিম চেয়ারম্যান, ডা. রফিকুল আলম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আকবর আলী, আলহাজ্ব রহমত উল্লাহ, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল ইসলাম তকি এবং উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।