ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাহাড়ের উন্নয়নে বড় পরিকল্পনা, শিগগিরই দৃশ্যমান পরিবর্তনের আশা প্রতিমন্ত্রীর

পার্বত্য চট্টগ্রামের বিদ্যুৎ অবকাঠামোর উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদে সড়ক, সেতু, কালভার্ট, সিঁড়ি ও শিক্ষার্থীদের আবাসিক হোস্টেল নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পার্বত্যাঞ্চলে দ্রুত দৃশ্যমান পরিবর্তন আসবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন।শনিবার রাঙামাটির পার্বত্য জেলা পরিষদের অ্যানেক্স ভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে প্রতিমন্ত্রী জেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় অংশ নেন।প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্গম পাহাড়ি এলাকায় উন্নয়নের কার্যক্রম শুরু হয়েছে। সাজেকের জনগোষ্ঠীর জন্য সরকারের পক্ষ থেকে পানির ব্যবস্থা করা হয়েছে। পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলোতে যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত পার্বত্যাঞ্চলে যে উন্নয়ন দৃশ্যমান হয়নি, তা দ্রুত দৃশ্যমান হবে। এ লক্ষ্যে সরকার আরও ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে পাহাড়ের জনপদে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা আয়োজনের প্রসঙ্গ তুলে ধরে মীর মো. হেলাল উদ্দীন বলেন, তাঁদের উৎসব উদ্‌যাপনের জন্য কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিগত বছরের তুলনায় আরও জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজনের ব্যবস্থা করা হবে।মতবিনিময় সভায় সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান কেশ ছালেহ আহাম্মদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী এবং পরিষদের সদস্য মাইচিং মং মারমা ও মো. সাব্বীর আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের উন্নয়নে বড় পরিকল্পনা, শিগগিরই দৃশ্যমান পরিবর্তনের আশা প্রতিমন্ত্রীর