ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে একটি চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়া প্রাইভেটকারকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে গেছে ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় গাড়ির মালিক তানভীর হোসেন সামান্য আহত হয়েছেন।সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকায় হাক্কানী পেট্রল পাম্পের পাশে মহাসড়কের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ জানায়, সকালে ইউটার্ন দিয়ে প্রাইভেটকারটি ঘোরানোর সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাক সেটিকে ধাক্কা দেয়। ধাক্কার পর প্রাইভেটকারটির সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে যায়।[BANGVIEWS-POST:4387]পরে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি ট্রাকের সঙ্গে আটকে প্রায় ২০০ মিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।দুর্ঘটনার পর খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।আহত তানভীর হোসেনকে স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যান।কুমিরা হাইওয়ে থানার এএসআই মোবারক হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করেছে। ঘটনার কারণ ও দায় নির্ধারণে তদন্ত চলছে।