ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লরেন্স বিষ্ণোইয়ের পরিচয়ে সাত দিন ধরে হত্যার হুমকি পাচ্ছেন মাহমুদা মিতু

ভারতের আলোচিত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পরিচয়ে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। তাঁর দাবি, গত সাত দিন ধরে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও একই ধরনের হুমকি পেয়েছেন তিনি।শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন মাহমুদা মিতু। হুমকিসংক্রান্ত কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি। এর মধ্যে ভারতীয় ফোন নম্বর থেকে লরেন্স বিষ্ণোই পরিচয়ে পাঠানো বার্তা রয়েছে বলে দাবি করা হয়েছে।তবে বার্তাগুলো প্রকৃতপক্ষে লরেন্স বিষ্ণোই কিংবা তাঁর সহযোগীদের পাঠানো কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাহমুদা মিতু লেখেন, ‘গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি। এর আগেও পেয়েছি। অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।’একই পোস্টে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে নিজের আবেগপ্রবণ হয়ে পড়া এবং মেজাজ হারানোর কারণও ব্যাখ্যা করেন এনসিপির এই সংসদ সদস্য।মাহমুদা মিতু লেখেন, ‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, একপর্যায়ে মেজাজও হারিয়েছি। শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসুদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি, ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে! কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেওয়া হয়।’সংসদে জুলাই আন্দোলনের সমন্বয়ক ও সংসদ সদস্য হান্নান মাসুদের প্রতি অবমাননাকর আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।এ প্রসঙ্গে মিতু লেখেন, ‘হান্নানকে যখন বারবার ‘বস, বস’, ‘বেয়াদব’ বলা হচ্ছিল, তখন চিৎকার করে বলছিলাম হত্যার হুমকি, বাড়িতে আগুন তো আমাদের দেওয়া হয়। আঁতাত করে চলা লোকজন কী করে বুঝবে, বাবা-মা, সন্তান এবং নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে বুকের ভেতর কতটা সাহস লাগে!’তাঁর বক্তব্য অনুযায়ী, রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তিনি।পোস্টে সংসদ সদস্য নুসরাতের বাড়িতে হামলার প্রসঙ্গও উল্লেখ করেন মাহমুদা মিতু। তাঁর আশঙ্কা, নিজের বিরুদ্ধে আসা হত্যার হুমকির বিষয়টিও গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা হতে পারে।এ সময় শহীদ ওসমান হাদির একটি বক্তব্য স্মরণ করে তিনি লেখেন, ‘হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’এদিকে লরেন্স বিষ্ণোই ভারতের একজন আলোচিত গ্যাংস্টার। বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুস ওয়ালার হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর নাম আলোচনায় এসেছে। হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক ফৌজদারি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।তবে মাহমুদা মিতুকে পাঠানো হুমকির সঙ্গে বিষ্ণোই বা তাঁর অপরাধী চক্রের সরাসরি সম্পৃক্ততার কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

লরেন্স বিষ্ণোইয়ের পরিচয়ে সাত দিন ধরে হত্যার হুমকি পাচ্ছেন মাহমুদা মিতু