প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী, সঙ্গে ৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টা
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং ৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা।রোববার (২১ জুন) দুপুর পৌনে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করা, অনিয়মিত অভিবাসী কর্মীদের বৈধকরণের সুযোগ, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা, শিক্ষা খাতে অংশীদারত্ব এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।মালয়েশিয়া সফর শেষে সোমবার দুপুরের পর কুয়ালালামপুর থেকে চীনের বন্দরনগর দালিয়ানের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। আগামী ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন তিনি।প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রাশেদ আল মাহমুদ তিতুমির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহদী আমিন, পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনও সফরসঙ্গী হয়েছেন।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত কুয়ালালামপুর। সফর উপলক্ষে শহরের বিভিন্ন সড়কে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা দিয়ে সাজসজ্জা করা হয়েছে বলে জানা গেছে।