ঢাকা, বাংলাদেশ
২৮° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭

কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ২৭০ জন বাংলাদেশি নাগরিক এবং ৪৭ জন রোহিঙ্গা রয়েছেন। অভিযানে মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের ট্রলার জব্দ করা হয়েছে।রোববার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইলসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, একটি কাঠের ট্রলারে বিপুলসংখ্যক মানুষকে অবৈধভাবে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলে গোপন সংবাদ পায় কোস্ট গার্ড। এরপর সন্দেহভাজন ট্রলারটির গতিবিধির ওপর নজরদারি শুরু করা হয়।একপর্যায়ে ট্রলারটিকে থামার সংকেত দেন কোস্ট গার্ডের সদস্যরা। কিন্তু সংকেত অমান্য করে ট্রলারটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া চালিয়ে সেটি আটক করতে সক্ষম হন কোস্ট গার্ড সদস্যরা।ট্রলারটিতে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ মোট ৩১৭ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং বাকি ২৭০ জন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছেন কোস্ট গার্ডের কর্মকর্তা।এ সময় মানবপাচারের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ট্রলার থেকে সাতজনকে আটক করা হয়। পাচারের কাজে ব্যবহৃত কাঠের ট্রলারটিও জব্দ করা হয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, টেকনাফে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।এদিকে এর আগের দিন শনিবার (২৮ নভেম্বর) টেকনাফের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একাধিক যৌথ অভিযান পরিচালনা করা হয়।এসব অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মানবপাচার ও ডাকাত চক্রের সন্দেহভাজন সাত সদস্যকে আটক করা হয়েছে। একই সঙ্গে অপহরণের শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করেন যৌথ বাহিনীর সদস্যরা।আটক ব্যক্তিদের মধ্যে টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস হত্যা মামলার একজন আসামিও রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, যৌথ অভিযানে দেশীয়ভাবে তৈরি দুটি এলজি, একটি একনলা বন্দুক এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।এ ছাড়া অপহরণ করে আটকে রাখা দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে যৌথ বাহিনী।

মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭
Richman