ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশিসহ ১৫৭ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

অবৈধ অভিবাসনবিরোধী নিয়মিত অভিযান ও বহিষ্কার কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১৫৭ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার। একই সঙ্গে ভবিষ্যতে দেশটিতে তাদের যেকোনো ধরনের পুনঃপ্রবেশ স্থায়ীভাবে ঠেকাতে তাদের সবাইকে মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থার আওতায় কালো তালিকাভুক্ত (Blacklisted) করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) কেদাহ রাজ্যের বেলান্তিক অভিবাসন ডিপো থেকে তাঁদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (KLIA) টার্মিনাল-১ দিয়ে বিমানযোগে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়।মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) কেদাহ রাজ্য শাখার তথ্য অনুযায়ী, বহিষ্কৃত এই ১৫৭ জনের মধ্যে ১২৮ জন পুরুষ, ২৬ জন নারী এবং তিনজন অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে। তারা বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, পাকিস্তান, দক্ষিণ সুদান, নাইজেরিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মিয়ানমারের নাগরিক। তবে এই বহরে সুনির্দিষ্টভাবে কতজন বাংলাদেশি নাগরিক ছিলেন, তা পৃথকভাবে স্পষ্ট করেনি দেশটির কর্তৃপক্ষ।প্রশাসন সূত্রে জানা গেছে, অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এসব বিদেশি নাগরিককে কেদাহ রাজ্যের সিক এলাকার বেলান্তিক অভিবাসন আটককেন্দ্রে বন্দি রাখা হয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী নিজ নিজ মেয়াদের কারাভোগ বা আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তাদের বহিষ্কারের এ চূড়ান্ত উদ্যোগ নেওয়া হয়। বেলান্তিক আটককেন্দ্রের প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে কেদাহ অভিবাসন বিভাগের ২১ জন বিশেষ কর্মকর্তার একটি দল পুরো বহিষ্কার ও প্রত্যর্পণ কার্যক্রম তদারকি করে।অভিবাসন বিভাগ স্পষ্ট করেছে যে, ফেরত পাঠানো ব্যক্তিদের আকাশপথের যাতায়াত ব্যয় বা বিমানভাড়া মালয়েশিয়া সরকারের তহবিল থেকে বহন করা হয়নি। এই ব্যয় সংশ্লিষ্ট ব্যক্তি, তাদের পরিবার অথবা নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে নির্বাহ করা হয়েছে। এছাড়া মালয়েশিয়ার সার্বভৌমত্ব রক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ও বহিষ্কারের এমন কঠোর প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে কেদাহ অভিবাসন বিভাগ।

বাংলাদেশিসহ ১৫৭ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া