ইরান হাল ছাড়বে কি না’ জানি না, খুব বাজে অবস্থা তাদের: ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখনই ‘হাল ছেড়ে দেবে কি না’ তিনি জানেন না। তবে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইরান ‘খুব বাজে অবস্থার’ মধ্যে রয়েছে। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম আশারক আল–আওসাতের খবরে বলা হয়েছে, সাংবাদিকদের ট্রাম্প বলেন—‘আমি জানি না তারা এখনো হাল ছেড়ে দেবে কি না, তবে তারা হাল ছেড়ে দেবে।’ তিনি আরও বলেন, ‘তারা খুব বাজে অবস্থার মধ্যে আছে।’যুক্তরাষ্ট্রের অবরোধ ইরানের অর্থনীতির প্রধান আর্থিক ভরসা, অর্থাৎ তেল রপ্তানি, কার্যত সংকুচিত করে দিয়েছে। যুদ্ধের অর্থনৈতিক ক্ষতির কারণে ইরানিদের দৈনন্দিন জীবনও আরও কঠিন হয়ে পড়েছে। গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, মার্কিন চাপের কাছে তেহরান কখনোই আত্মসমর্পণ করবে না।যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়াও ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য একটি বড় ইস্যু হয়ে উঠেছে, বিশেষ করে নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে।এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালির ওপর অবরোধ তৈরি হয়েছে। সংঘাত শুরু হওয়ার আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও এলএনজি সরবরাহের এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর এই যুদ্ধ শুরু হয়। জবাবে ইরানও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা চালায়। এরপর থেকে ট্রাম্প ইরান যুদ্ধের লক্ষ্য ও সময়সীমা নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন।