ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানি হুমকির আশঙ্কায় ব্রিটিশ ঘাঁটি থেকে মার্কিন বিমান স্থানান্তর

ইরানের সম্ভাব্য নিরাপত্তা হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের একটি প্রধান সামরিক ঘাঁটি থেকে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ও রিফুয়েলিং ট্যাংকার দ্রুত অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন শীর্ষ দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) মিলডেনহল ঘাঁটিতে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহিনীর কৌশলগত সম্পদগুলোর নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের উচ্চপর্যায়ে তীব্র উদ্বেগ তৈরি হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়। তেহরানের পক্ষ থেকে আসা হুমকি কোনো সাধারণ সতর্কবার্তা নাকি নির্দিষ্ট কোনো সামরিক স্থাপনাকে নিশানা করে ছক আঁকা হয়েছে, তা খতিয়ে দেখছেন পেন্টাগনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা।প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকালে মিলডেনহল ঘাঁটি থেকে অন্তত দুটি ভারী জ্বালানি সরবরাহকারী রিফুয়েলিং ট্যাংকার বিমান জার্মানির মার্কিন নিয়ন্ত্রিত বিমানঘাঁটিতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর সারা দিন ধরে আরও কয়েকটি কৌশলগত সামরিক বিমান জার্মানি এবং ইউরোপের অন্যান্য নিরাপদ ঘাঁটিতে স্থানান্তর করা হয়। বৈশ্বিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মের তথ্য এবং সংশ্লিষ্ট পশ্চিমা প্রতিরক্ষা কর্মকর্তাদের বিবরণের ভিত্তিতে খবরটি প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল।বিমান সরিয়ে নেওয়ার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য না দিলেও মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, নিয়মিত অভিযান ও পরিচালনাগত প্রয়োজনের অংশ হিসেবেই এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে এয়ারক্রাফট স্থানান্তর করা হয়ে থাকে। একইভাবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি সামরিক বাহিনীর নিজস্ব পরিচালনাগত সিদ্ধান্ত নিয়ে তারা কোনো আনুষ্ঠানিক মন্তব্য করে না।এর আগে গত মাসেও যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব ধরনের ভারী বোমারু বিমান সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরানের ওপর সাম্প্রতিক বিমান অভিযানের সময় ফেয়ারফোর্ড ঘাঁটি সরাসরি ব্যবহার করেছিল ওয়াশিংটন। পরবর্তী সময়ে ওই ঘাঁটিতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার সুনির্দিষ্ট পরিকল্পনার গোয়েন্দা তথ্য পাওয়ার পর তদন্ত শুরু হয় এবং বিমানগুলো নিরাপদ স্থানে সরানো হয়।ব্রিটিশ নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থেকেই ইরান-সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্সি নেটওয়ার্ক যুক্তরাজ্য ও পশ্চিম ইউরোপের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগসহ একাধিক হামলার চেষ্টা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে ব্রিটিশ ভূখণ্ডে সম্ভাব্য হামলা ও নাশকতার লক্ষ্যবস্তুর সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলেও দেশটির গোয়েন্দা সংস্থাগুলো আগেই সতর্ক করেছে।সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

ইরানি হুমকির আশঙ্কায় ব্রিটিশ ঘাঁটি থেকে মার্কিন বিমান স্থানান্তর