ব্রিটেনে মার্কিন ঘাঁটিতে ৬ ড্রোন, সন্দেহের তির ইরানের দিকে!
যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটির আকাশে একসঙ্গে ছয়টি ড্রোনের অনুপ্রবেশ ঠেকিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ঘটনাটির সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছিল কিংবা কারা পরিচালনা করছিল, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে, গত ১৩ নভেম্বর যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) লেকেনহিথ ঘাঁটির আকাশে প্রায় ছয়টি ড্রোন শনাক্ত করা হয়। পরিস্থিতি মোকাবিলায় মার্কিন সামরিক বাহিনী ড্রোন প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করে। ঘাঁটির নিরাপত্তাব্যবস্থা সক্রিয় করার পর ড্রোনগুলোর অনুপ্রবেশ প্রতিহত করা সম্ভব হয়। তবে সেগুলোকে ভূপাতিত করা হয়েছিল, নাকি অন্য কোনো পদ্ধতিতে সরিয়ে দেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।ড্রোন প্রতিরোধের পর সেগুলোর কোনো ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়নি। ব্রিটিশ ও মার্কিন নিরাপত্তা সদস্যদের কেউই ড্রোনগুলো উদ্ধার করতে পারেননি।ঘটনার বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ১৩ নভেম্বর লেকেনহিথ ঘাঁটির আকাশে অনুমোদনহীন ড্রোন চলাচলের খবর পাওয়ার পর দ্রুত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।এ সময় যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুলিশ, সাফোক পুলিশ এবং মার্কিন বিমানবাহিনীর নিরাপত্তা সদস্যরা যৌথভাবে কাজ করেন।ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর ঘাঁটির স্বাভাবিক নিরাপত্তা ও সামরিক সদস্যদের সুরক্ষাব্যবস্থা পুনরায় চালু করা হয়।ঘটনার দিন মার্কিন বিমানবাহিনীর সদস্যরাও সন্দেহজনক ড্রোন তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন।তখন মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র জানিয়েছিলেন, ওই ঘটনায় কোনো সামরিক সদস্য আহত হননি। ঘাঁটিতে থাকা উড়োজাহাজ কিংবা সামরিক অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে ড্রোনের অনুপ্রবেশের ঘটনায় ইরানের সম্ভাব্য সংশ্লিষ্টতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের আরেকটি মার্কিন বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডেও নিরাপত্তা হুমকি দেখা দিয়েছিল।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত অক্টোবরে জানিয়েছিলেন, ইরান-সংশ্লিষ্ট নিরাপত্তা হুমকির কারণে ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল।তবে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাজ্যে অন্যান্য সন্দেহজনক কর্মকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগও প্রত্যাখ্যান করেছে তেহরান।অন্যদিকে ব্রিটিশ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, যুক্তরাজ্যে অবস্থানরত ইরানি ভিন্নমতাবলম্বী এবং ইসরায়েলি ও ইহুদি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও হত্যাচেষ্টার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে।এই পরিস্থিতির মধ্যেই লেকেনহিথ ঘাঁটিতে ছয়টি ড্রোনের অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে। তবে সর্বশেষ ঘটনার সঙ্গে ইরানের সরাসরি সম্পৃক্ততার কোনো নিশ্চিত প্রমাণ প্রকাশ করা হয়নি।সূত্র : রয়টার্স