ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আমরা তোমাদের খুঁজে বের করব, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি

ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় দুই মার্কিন নৌ কর্মকর্তাকে দায়ী করে প্রকাশ্যে হত্যার বা প্রতিশোধের হুমকি দিয়েছে তেহরান। ইরান বলেছে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’ মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ওই দুই মার্কিন কর্মকর্তার নাম ও ছবি প্রকাশ করে এই হুমকি দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি (২০২৬) মার্কিন বাহিনীর চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের প্রাথমিক বিদ্যালয়টিতে অন্তত ১৬৮ জন শিশু নিহত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানি দূতাবাসের পোস্টে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ‘ইউএসএস স্প্রুয়েন্স’-এর কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর টেট এবং জাহাজটির নির্বাহী কর্মকর্তা (এক্সিকিউটিভ অফিসার) লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্কের নাম উল্লেখ করা হয়েছে। গত ১৩ নভেম্বর এক্সে দেওয়া ওই পোস্টে দুই কর্মকর্তার ছবি প্রকাশ করে দূতাবাস লিখেছে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’ এর আগে গত ২৮ মার্চও এই দুই মার্কিন কর্মকর্তাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিল ইরানি দূতাবাস। সে সময় তাঁদের বিরুদ্ধে মিনাবের প্রাথমিক বিদ্যালয়ে আঘাত হানা টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দেওয়ার সরাসরি অভিযোগ আনা হয়। ওই পোস্টে দূতাবাস লিখেছিল, ‘এই দুই অপরাধীকে মনে রাখুন।’ পাশাপাশি প্রশ্ন তুলেছিল, ‘তাদের কি নিজেদের সন্তান নেই?’ এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানসহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন যুদ্ধকালীন কার্যক্রম শেষে গত শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সান দিয়েগো নৌঘাঁটিতে ফিরেছে যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্স। এর মধ্য দিয়ে জাহাজটি টানা ৩৫৭ দিনের দীর্ঘ সামরিক মোতায়েনকাল শেষ করেছে। দুই মার্কিন সামরিক কর্মকর্তার ছবি ও পরিচয় প্রকাশ করে ইরানের এমন প্রকাশ্য হুমকিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও গোয়েন্দা মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের (এফডিডি) জ্যেষ্ঠ গবেষক বেহনাম বেন তালেব্লু ফক্স নিউজ ডিজিটালকে বলেন, ইরানের এই হুমকিকে ওয়াশিংটনের জন্য অত্যন্ত গুরুতর সতর্কবার্তা হিসেবে দেখা উচিত। তালেব্লু বলেন, ‘এটি হোয়াইট হাউস, পেন্টাগন এমনকি মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) জন্যও সতর্কসংকেত হওয়া উচিত।’ তাঁর ভাষ্যমতে, ইরান এমন বেশ কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তাকে শনাক্ত করেছে, যাঁদের বিরুদ্ধে দেশটির ওপর হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে এবং একই সঙ্গে প্রকাশ্যে প্রতিশোধ নেওয়ার কথাও বলছে তেহরান। তিনি আরও সতর্ক করে বলেন, ‘সত্যিই যদি এসব কর্মকর্তার ওপর হামলার কোনো গোপন পরিকল্পনা থাকে, তাহলে তা আগেভাগেই শনাক্ত, প্রতিহত ও ব্যর্থ করে দেওয়া অত্যন্ত জরুরি।’সূত্র: ফক্স নিউজ

আমরা তোমাদের খুঁজে বের করব, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি