'আমি গরিব হয়েই মরতে চাই’ বলে, ৪ বিলিয়ন ডলার দান করে মারা গেলেন বিলিয়নিয়ার
নিজের জীবদ্দশাতেই প্রায় পুরো সম্পদ দান করার লক্ষ্য নিয়েছিলেন মার্কিন ধনকুবের ও দানবীর টি. ডেনি স্যানফোর্ড। বহু বছর আগে তিনি বলেছিলেন, ‘আমি নিঃস্ব অবস্থায় মরতে চাই।’ জীবদ্দশায় ৪ বিলিয়ন ডলারের বেশি দান করা এই ব্যবসায়ী ৯০ বছর বয়সে মারা গেছেন।স্যানফোর্ড হেলথের তথ্য অনুযায়ী, গত ১৮ জুলাই যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় তার মৃত্যু হয়। ফোর্বসের সর্বশেষ হিসাবে মৃত্যুর আগে তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার।ব্যাংকিং ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন স্যানফোর্ড। ১৯৮৬ সালে তিনি একটি ছোট ব্যাংক কিনে সেটিকে ফার্স্ট প্রিমিয়ার ব্যাংকে রূপান্তর করেন। পরে উচ্চ ঝুঁকির গ্রাহকদের জন্য ক্রেডিট কার্ড সেবা চালু করে ব্যবসা সম্প্রসারণ করেন।[BANGVIEWS-POST:2591]ব্যবসায় সাফল্যের পর স্বাস্থ্যসেবা, শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, বৃত্তি ও শিশুকল্যাণে বড় অঙ্কের অর্থ দান করেন তিনি। শুধু স্যানফোর্ড হেলথকেই জীবদ্দশায় প্রায় ২ বিলিয়ন ডলার দিয়েছেন।২০০৭ সালে তৎকালীন সিউক্স ভ্যালি হেলথ সিস্টেমকে ৪০০ মিলিয়ন ডলার অনুদান দেন স্যানফোর্ড। এরপর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘স্যানফোর্ড হেলথ’ রাখা হয়। সে সময় এটি যুক্তরাষ্ট্রের কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দেওয়া সর্ববৃহৎ অনুদান ছিল।তার অর্থায়নে সাউথ ডাকোটায় একাধিক শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। হাজারো শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন এবং অসংখ্য রোগী উন্নত চিকিৎসাসেবার আওতায় এসেছেন।সাউথ ডাকোটার গভর্নর ল্যারি রোডেন তাকে রাজ্যের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দানবীর হিসেবে অভিহিত করেছেন। তার মতে, স্যানফোর্ডের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জীবনেও দীর্ঘস্থায়ী প্রভাব রাখবে।তবে স্যানফোর্ডের জীবন বিতর্কমুক্ত ছিল না। ২০২০ সালে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত অবৈধ ছবি রাখার সন্দেহে তাকে ঘিরে তদন্ত শুরু হয়। ২০২২ সালে সাউথ ডাকোটার কর্তৃপক্ষ জানায়, অঙ্গরাজ্যের এখতিয়ারে বিচারযোগ্য কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। ফলে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি।[BANGVIEWS-POST:2587]স্যানফোর্ডের আইনজীবীরা তখন দাবি করেছিলেন, তার ই-মেইল ও ডিভাইসে অন্য ব্যক্তিদের প্রবেশাধিকার ছিল এবং হ্যাকিংয়ের প্রমাণও পাওয়া গিয়েছিল।শেষ পর্যন্ত নিঃস্ব অবস্থায় মৃত্যুবরণের ইচ্ছা পূরণ না হলেও, জীবদ্দশায় ৪ বিলিয়ন ডলারের বেশি দান করে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ব্যক্তিগত দানশীল ব্যক্তি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন টি. ডেনি স্যানফোর্ড।সূত্র: স্যানফোর্ড হেলথ