গাজার যুদ্ধক্ষেত্রের ডাক্তার এবার বসছেন মার্কিন কংগ্রেসে!
একসময় গাজার অবরুদ্ধ যুদ্ধক্ষেত্রে সরাসরি রোগীদের প্রাণ বাঁচানোর কাজ করতেন তিনি। এবার চিকিৎসকের পোশাক ছেড়ে মার্কিন নীতি নির্ধারণের মঞ্চে পা রাখছেন মিশরীয় বংশোদ্ভূত মার্কিন ট্রমা সার্জন ড. আদম হামাওয়ি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউ জার্সির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্রেটিক পার্টির টিকিটে প্রতিনিধি পরিষদে সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক বিশেষ প্রতিবেদনে এ ঐতিহাসিক বিজয়ের তথ্য জানিয়েছে।এই অবিস্মরণীয় জয়ের মাধ্যমে নিউ জার্সি অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম ও মিশরীয়-আমেরিকান প্রতিনিধি হিসেবে মার্কিন কংগ্রেসে যাচ্ছেন ড. হামাওয়ি। মধ্যবর্তী নির্বাচনে দেশজুড়ে ডেমোক্র্যাটদের নিরঙ্কুশ বিজয়ের ঢেউয়ে শামিল হয়ে তিনি নিজের আসন নিশ্চিত করেন। এর আগে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের দখলে থাকা ২১৮-২১৪ আসনের সমীকরণ বদলে দিয়ে আগামী জানুয়ারিতে হামাওয়িসহ নবনির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ডেমোক্রেটিক পার্টি।মঙ্গলবার ফলাফল ঘোষণার পর নিউ জার্সির প্রিন্সটনে আয়োজিত বিজয় উৎসবে আবেগময় বক্তব্য দেন হামাওয়ি। বক্তব্যের একপর্যায়ে তিনি গাজার নির্যাতিত মানুষের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে বলেন, ‘গাজা ও ফিলিস্তিনের নারী, পুরুষ ও শিশুদের বলছি—তোমাদের হাসি আমাকে আরও ভালো একটি পৃথিবীর জন্য লড়াই করার অবিরাম সাহস ও আশা জোগায়।’পেশাগত পরিচয়ের কথা টেনে তিনি আরও বলেন, ‘আমি একজন সার্জন। আপনাদের নিশ্চিত করে বলতে পারি, আমরা এবার দেশের রক্তক্ষরণ বন্ধ করতে যাচ্ছি। ওয়াশিংটনকে দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করা কায়েমি শক্তি ও প্রতিষ্ঠিত ক্ষমতাকাঠামোর হাতে যারা পিছিয়ে পড়েছেন, সেই প্রত্যেক সাধারণ মার্কিনির জন্য আমরা লড়ব এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যেকোনো মূল্যে জবাবদিহির আওতায় আনব।’প্রিন্সটনের অনুষ্ঠানে ছিল ফিলিস্তিনি কেফিয়াহ পরা সাধারণ ভোটার এবং বহু প্রগতিশীল ইহুদির অভূতপূর্ব সংহতি। কংগ্রেসওম্যান বনি ওয়াটসন কোলম্যান নিজে মঞ্চে এসে হামাওয়িকে পরিচয় করিয়ে দেন এবং জিউস ভয়েস ফর পিসের সদস্যরা ‘হামাওয়ির পক্ষে ইহুদিরা’ লেখা প্ল্যাকার্ড হাতে সংহতি জানান। ভোটারদের মতে, ‘বোমা নয়, স্বাস্থ্যসেবা’—এই রাজনৈতিক স্লোগান এবং তৃণমূল পর্যায়ের ‘আনকমিটেড নিউ জার্সি’ প্ল্যাটফর্মের সংগঠিত প্রচেষ্টাই শত বাধা ও বিপুল অর্থের প্রচারণাকে পরাজিত করেছে।নির্বাচনী প্রচারণার সময় তীব্র ডানপন্থী ও ইসরায়েলপন্থী মহলের অপপ্রচার এবং তীব্র ইসলামবিদ্বেষের মুখোমুখি হয়েছিলেন হামাওয়ি। এমনকি মে মাসে ওয়াল স্ট্রিট জার্নাল একটি নিবন্ধে ১৯৯৫ সালের ‘ব্লাইন্ড শেখ’ ওমর আবদেল রহমানের সন্ত্রাসবাদ মামলার সাক্ষ্যগ্রহণের প্রসঙ্গ টেনে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছিল। তবে সব কুৎসা প্রত্যাখ্যান করে তিনি নিজের নীতিতে অটল থাকেন। হামাওয়ির এই নিরঙ্কুশ বিজয় মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় সাধারণ ভোটারদের বিশ্বাসকে নতুন করে উজ্জীবিত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।সূত্র: মিডল ইস্ট আই