ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিরাপত্তার কারণে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হলো মার্কিন অর্থমন্ত্রীকে

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসির জর্জটাউন এলাকায় অবস্থিত তাঁর ব্যক্তিগত বাসভবনের অবস্থান ইরান শনাক্ত করেছে—গোয়েন্দা সূত্রে এমন ধারণা পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়।মিডিল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি সম্পর্কে অবগত এক নিরাপত্তা কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে এ তথ্য জানিয়েছেন। ২০২৫ সালের জানুয়ারির শেষ দিকে ১ কোটি ২৫ লাখ (১২ দশমিক ৫ মিলিয়ন) ডলারে জর্জটাউনের বিলাসবহুল ওই বাসভবনটি কিনেছিলেন বেসেন্ট। সে সময় মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) বাসভবনটির ওপর থেকে তোলা একটি ছবি প্রকাশ করেছিল। ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, ছবিটি প্রকাশের পর বেসেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে যায় এবং ইরানের সম্ভাব্য হামলার হুমকি থেকে নিরাপত্তার খাতিরেই তাঁকে সামরিক ঘাঁটিতে সরে যেতে হয়েছে।ঠিক কতদিন ধরে এবং কোন সামরিক ঘাঁটিতে বেসেন্ট বসবাস করছেন, সে তথ্য ওই কর্মকর্তা প্রকাশ করেননি। তবে সরকারি নিরাপত্তা বাহিনীর অপর একটি সূত্র জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ ধরে বাড়ির বাইরে অবস্থান করছেন তিনি।উল্লেখ্য, স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অর্থনৈতিক অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর নেতৃত্ব দিচ্ছেন। গত ২৪ আগস্ট থেকে শুরু হওয়া এ অভিযানের মূল লক্ষ্য হলো সামরিক পদক্ষেপের পাশাপাশি নিষেধাজ্ঞা ও অন্যান্য আর্থিক ব্যবস্থার মাধ্যমে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলা।এ বিষয়ে মার্কিন ট্রেজারি বিভাগের একজন মুখপাত্র সিএনবিসিকে বলেন, ইরানি শাসকের হুমকির মুখে বেসেন্ট পিছু হটবেন না। তিনি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ বাস্তবায়ন এবং অবরোধ বজায় রাখার ব্যাপারে অবিচল রয়েছেন, যার সম্মিলিত প্রভাবে ইরানের অর্থনীতি ধসে পড়ছে বলে দাবি করেন ওই মুখপাত্র।সূত্র: মিডিল ইস্ট আই

নিরাপত্তার কারণে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হলো মার্কিন অর্থমন্ত্রীকে