ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৮তম স্থানে মারুফা আক্তার

এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৮তম অবস্থানে উঠে এসেছেন তিনি।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নারী ক্রিকেটের সাপ্তাহিক র‍্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। সেখানে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের অবস্থানেও পরিবর্তন এসেছে।এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাত্র ৬ রান খরচ করে ২ উইকেট নিয়েছিলেন মারুফা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। টানা দুই ম্যাচে কার্যকর বোলিংয়ের সুবাদেই র‍্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে ২১ বছর বয়সী এই পেসারের।মারুফার বর্তমান রেটিং পয়েন্ট ৬২২, এটিও তার ক্যারিয়ারের সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালের মে মাসে ২৩তম স্থানে উঠেছিলেন তিনি। সে সময় তার রেটিং পয়েন্ট ছিল ৬০৬।[BANGVIEWS-POST:5412]বাংলাদেশের অফ স্পিনার সুলতানা খাতুনও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভার বোলিং করে একটি মেডেনসহ মাত্র ১৪ রান দিয়ে ১ উইকেট নেওয়া সুলতানা ৯ ধাপ এগিয়ে ৩৭তম অবস্থানে উঠেছেন।অন্যদিকে বাংলাদেশের দুই স্পিনারের র‍্যাঙ্কিংয়ে কিছুটা অবনতি হয়েছে। লেগ স্পিনার রাবেয়া খাতুন এক ধাপ পিছিয়ে ২১তম এবং বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার চার ধাপ নেমে ৩২তম স্থানে রয়েছেন।ব্যাটারদের তালিকায় বাংলাদেশের কেউ এখনো সেরা ২০-এ জায়গা করে নিতে পারেননি। তবে এক ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রান করা সোবহানা মোস্তারিও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তিন ধাপ এগিয়ে তিনি এখন ৩৬তম অবস্থানে। আর দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে ৬২তম স্থানে উঠে এসেছেন।

১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৮তম স্থানে মারুফা আক্তার