ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মিয়ানমারের মান্দালয় বিমানবন্দরে বিদ্রোহীদের ড্রোন হামলা, ফ্লাইট বন্ধ

মিয়ানমারের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর মান্দালয়ের তাড়া-উ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে জান্তাবিরোধী সশস্ত্র বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ছয়টি ‘সুইসাইড ড্রোন’ দিয়ে হামলাটি চালানো হয়। এর পরপরই বিমানবন্দরটির ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।মিয়ানমারের রাষ্ট্রীয় বিমান সংস্থা মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল তাদের ফেসবুক পেজে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির ব্যাংকক দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, বিমানবন্দর বন্ধ থাকায় ১১ ও ১২ সেপ্টেম্বরের নির্ধারিত সব ফ্লাইট বাতিল করা হয়েছে।রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার তাড়া-উ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ছয়টি ফার্স্ট-পারসন-ভিউ (এফপিভি) সুইসাইড ড্রোন নিক্ষেপ করে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)। সংগঠনটি মিয়ানমারের সামরিক সরকারের বিরোধী একটি সশস্ত্র গোষ্ঠী।হামলার প্রভাবে কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইটের সময়সূচিতে বিঘ্ন ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানবন্দরের রানওয়ে কিংবা কোনো যানবাহনেরও ক্ষতি হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, হামলার সময় তাড়া-উ বিমানবন্দরে মিয়ানমার সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান অবস্থান করছিল। সেটিকে লক্ষ্য করেই ড্রোনগুলো নিক্ষেপ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর দেশটিতে দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও সশস্ত্র সংঘাত শুরু হয়। প্রায় পাঁচ বছর সামরিক শাসনের পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সাবেক সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং প্রেসিডেন্ট হন। তবে নির্বাচন অনুষ্ঠিত হলেও দেশটির বিভিন্ন অঞ্চলে এখনো সংঘাত ও অস্থিরতা অব্যাহত রয়েছে। সূত্র: রয়টার্স

মিয়ানমারের মান্দালয় বিমানবন্দরে বিদ্রোহীদের ড্রোন হামলা, ফ্লাইট বন্ধ