ভূমিকম্পে ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়া ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। জরুরি উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন।ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিওর বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, নেইমারের দেওয়া অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে ব্যয় করা হবে।[BANGVIEWS-POST:848]প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম জোরদার হয়েছে। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দেন ব্রাজিলিয়ান এই তারকা।ভেনেজুয়েলার মানুষের দুর্ভোগ নিয়ে এক বার্তায় নেইমার বলেন, ভেনেজুয়েলার মানুষের জন্য তাঁর হৃদয় কাঁদছে। তিনি আশা করেন, এই ছোট সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও শক্তি ও স্বস্তি বয়ে আনবে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে শুরু করেছে। বিভিন্ন দেশ ও মানবিক সংস্থা উদ্ধারকারী দল, চিকিৎসাসামগ্রী, খাদ্য ও জরুরি সহায়তা পাঠাচ্ছে।ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনো উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের খুঁজে বের করতে স্থানীয় উদ্ধারকর্মীদের পাশাপাশি বিদেশি দলও কাজ করছে।[BANGVIEWS-POST:845]নেইমারের এই সহায়তাকে মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন ফুটবলপ্রেমীরা। মাঠের বাইরে দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোয় সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর প্রশংসা করছেন অনেকে। সূত্র: এল সুমারিও