ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শ্রেণিকক্ষে মোবাইল নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের ভেতরে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে এক সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য মাউশি ইতোমধ্যে একটি আদেশ জারি করেছে। ওই আদেশে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের মোবাইল ফোন বহন ও ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারসংক্রান্ত নীতিমালা প্রণয়নের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। অর্থাৎ এ বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা তৈরির দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের।শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন উদ্যোগের কথাও সংসদে তুলে ধরেন তিনি।শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং পাঠদানে মনোযোগ বৃদ্ধির উদ্দেশ্যে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে।কোনো কোনো দেশ সরাসরি নিষেধাজ্ঞা দিচ্ছে, আবার কোথাও সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানান তিনি।বাংলাদেশেও মাধ্যমিক পর্যায়ের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি মাউশির জারি করা আদেশের মাধ্যমে জানানো হয়েছে।

শ্রেণিকক্ষে মোবাইল নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী