স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, রামুতে আটক ৩
কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকার থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিনালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া এলাকার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সীমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম এলাকার উর্মি আক্তার ঊষা (১৮)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র প্রাইভেটকারে করে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ইয়াবার চালান নিয়ে যাচ্ছে।[BANGVIEWS-POST:1848]পরে অধিদপ্তরের একটি দল রামুর রাবার বাগান এলাকায় অবস্থান নিয়ে সন্দেহজনক যানবাহনে নজরদারি শুরু করে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।পরে ধাওয়া করে গাড়িটি আটক করা হয়। গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার পরিচিত বলে দাবি করেন। তবে যাচাই করে এর কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ড্যাশবোর্ডের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা ও ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।