ইতালিতে অগ্নুৎপাতের ছাই আকাশজুড়ে, রেড অ্যালার্ট জারি
ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এতনা নতুন করে জেগে উঠেছে। অগ্ন্যুৎপাতের ফলে প্রায় চার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিশাল ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির গাম্ভীর্য বিবেচনায় বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সিসিলির ব্যস্ততম কাতানিয়া বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট অবতরণ বন্ধ ঘোষণা করা হয়েছে।ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) জানিয়েছে, মাউন্ট এতনার জ্বালামুখ থেকে হঠাৎ প্রচণ্ড বেগে ধোঁয়া, ছাই ও উত্তপ্ত লাভা নির্গত হতে শুরু করে। অগ্ন্যুৎপাতের ফলে বায়ুমণ্ডলে ছাই ছড়িয়ে পড়ায় বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সি-১ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপের পর কাতানিয়া বিমানবন্দরে অবতরণের জন্য যাওয়া বেশ কয়েকটি বিমান মাঝপথ থেকেই ঘুরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রথমে প্রতি ঘণ্টায় স্বাভাবিক ১২টির পরিবর্তে মাত্র চারটি ফ্লাইট অবতরণের অনুমতি দেয়। পরে পরিস্থিতির অবনতি হলে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট অবতরণ পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।অগ্ন্যুৎপাতের কারণে আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইট সিসিলির অন্যান্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এসব ফ্লাইটের কয়েকটি পালের্মো, ত্রাপানি ও কোমিসো বিমানবন্দরে অবতরণ করে। একই সঙ্গে ভোলোতিয়া এয়ারসহ অন্যান্য বিমানসংস্থার ফ্লাইটসূচিতে ব্যাপক পরিবর্তন ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে।আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে পড়া ছাই বিমান উড্ডয়ন ও অবতরণের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে ইঞ্জিনে আগ্নেয় ছাই প্রবেশ করলে বিমানের নিরাপদ পরিচালনা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।মাউন্ট এতনা ইতালির সিসিলি দ্বীপের পূর্বাঞ্চলে অবস্থিত এবং এটি ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। আগ্নেয়গিরিটির কার্যক্রমের কারণে এর আশপাশের এলাকায় প্রায়ই বিমান চলাচলসহ স্থানীয় পরিবহন ব্যবস্থায় সাময়িক বিধিনিষেধ আরোপ করতে হয়।