ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামের এক যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কেরানীগঞ্জ মডেল থানার বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারের সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহত ডালিয়া আক্তার সুমা বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। তিনি রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে এবং স্থানীয় চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কেরানীগঞ্জের ওই ফ্ল্যাটে দুই মেয়েকে নিয়ে বসবাস করতেন সুমা। তবে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তিনি ফ্ল্যাটটিতে একাই থাকতেন। শুক্রবার সকালে ফ্ল্যাটের ভেতরে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে তাঁকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।