গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ১৩ কারখানা বন্ধ ঘোষণা!
মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। এদিকে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে অন্তত ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আজ রোববারের জন্য আরও পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল থেকে কালিয়াকৈরের মৌচাক ও কোনাবাড়ীর জরুন এলাকায় এসব ঘটনা ঘটে। পরে সকাল পৌনে ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের মৌচাক, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী ও সফিপুর এলাকায় বেশ কয়েক দিন ধরেই বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ রোববার সকাল ৮টার দিকে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকার লেভেন্ডা গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।প্রত্যক্ষদর্শীরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক ছেড়ে যাওয়ার অনুরোধ করলে তাঁরা উত্তেজিত হয়ে মারমুখী হয়ে ওঠেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান এবং সকাল পৌনে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। অন্যদিকে, সকাল ৯টার দিকে মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা মিছিল নিয়ে হাইড্রো অক্সাইড লিমিটেড কারখানার সামনে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত তাঁদের সরিয়ে দেওয়ায় সেখানে কোনো বিশৃঙ্খলা ঘটেনি।এদিকে, শ্রমিক অসন্তোষ ও ভাঙচুরের আশঙ্কায় কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ কারখানা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের দেওয়া এক নোটিশে বলা হয়, ন্যূনতম মজুরি অনুমোদন ও বাস্তবায়নের বিষয়ে সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে স্পষ্ট জানানোর পরও বহিরাগত শ্রমিকদের অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয়। বিক্ষুব্ধরা কারখানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালালে কারখানার ক্ষতি হয় এবং শ্রমিক ও কর্মকর্তারা আহত হন। এ অবস্থায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।ফার ইস্ট ছাড়াও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজ্জউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্তত ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, মৌচাকে মহাসড়ক অবরোধ করা হলেও শ্রমিকদের সরিয়ে নেওয়ায় এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে। তিনি আরও জানান, ধারাবাহিক শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আজকের জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।