ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-সিলেট মহাসড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যাওয়ায় উভয় পাশে ভয়াবহ ও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৪টা থেকে মহাসড়কের দুই লেনে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও জরুরি পণ্যবাহী ট্রাকের হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় পাথরবোঝাই ট্রাকটি উলটে প্রধান সড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকে। এতে ব্যস্ততম এই জাতীয় মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হতে থাকে এবং একপর্যায়ে সেই যানজট হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।মাধবপুর থানার ট্রাফিক সার্জেন্ট প্রিন্স জানান, ইসলামপুর এলাকার দুর্ঘটনার প্রত্যক্ষ প্রভাব পড়েছে পুরো মাধবপুর অংশে। মহাসড়কে ছয় লেনে উন্নীতকরণের কাজ চলমান থাকায় আগে থেকেই সড়কের কিছু অংশে যান চলাচলে ধীরগতি ছিল। এর মধ্যে আড়াআড়িভাবে পাথরবোঝাই ভারী ট্রাক উলটে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে ধীরগতিতে যান চলাচল শুরু হলেও সড়কে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগছে। দীর্ঘ সময় ধরে সড়কে অনড় দাঁড়িয়ে থাকায় নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীদের নিয়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা