ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কোয়ার্টার ফাইনালে আজ ফ্রান্স-মরক্কো মহারণ

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টনের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।শেষ ষোলোতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলেই জয় নিশ্চিত করে দিদিয়ের দেশমের দল। অন্যদিকে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো।এই ম্যাচ ঘিরে বাড়তি আগ্রহের কারণ, এটি ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি। সেবার মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। এবার সেই হারের প্রতিশোধ নিতে চাইবে আটলাস লায়ন্সরা।মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও ফ্রান্সের পক্ষে। আন্তর্জাতিক ফুটবলে দুই দল এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে চারবার জিতেছে ফ্রান্স, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। মরক্কো এখনো ফরাসিদের বিপক্ষে জয়ের দেখা পায়নি।চলতি বিশ্বকাপে ফ্রান্স অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে খেলছে। গতি, স্কোয়াডের গভীরতা এবং বড় ম্যাচের অভিজ্ঞতা তাদের সবচেয়ে বড় শক্তি। পাঁচ ম্যাচে ১৪ গোল করেছে ফরাসিরা। এর মধ্যে সাতটিই এসেছে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের পা থেকে।[BANGVIEWS-POST:1458]অন্যদিকে মরক্কোও দুর্দান্ত ছন্দে আছে। শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, দ্রুতগতির কাউন্টার অ্যাটাক এবং আত্মবিশ্বাসী ফুটবলে প্রতিপক্ষকে চাপে ফেলছে তারা। ব্রাহিম দিয়াজ ও আশরাফ হাকিমির নেতৃত্বে মরক্কোর আক্রমণভাগ ফ্রান্সের রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তায় আছে মরক্কো। দলের উইঙ্গার ইসমাইল সাইবারি হ্যামস্ট্রিং চোটে ভুগছেন। শেষ ষোলোতে কানাডার বিপক্ষে চোট পাওয়ার পর থেকে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, কোয়ার্টার ফাইনালে তাঁর খেলা অনিশ্চিত।[BANGVIEWS-POST:1437]ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টিনার অভিজ্ঞ রেফারি ফাকুন্দো তেলো। তাঁর সহকারী হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গাব্রিয়েল চাদে। সব মিলিয়ে বোস্টনের এই লড়াইকে এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে দেখা হচ্ছে। ফ্রান্স নামবে অভিজ্ঞতা ও শিরোপার স্বপ্ন নিয়ে, আর মরক্কো নামবে ইতিহাস গড়া ও পুরোনো হারের প্রতিশোধের লক্ষ্য নিয়ে।

কোয়ার্টার ফাইনালে আজ ফ্রান্স-মরক্কো মহারণ