ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যানজট কমাতে ঢাকায় মনোরেল, প্রাথমিক তালিকায় পাঁচ রুট

রাজধানীতে মনোরেল চালুর সম্ভাবনা যাচাই এবং এর রুট নির্ধারণে কাজ করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। সংস্থাটির অতিরিক্ত নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান জানিয়েছেন, প্রস্তাবিত এই পরিবহনব্যবস্থা চালু হলে মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে। বিশেষ করে মেট্রোরেলের যাত্রীদের গন্তব্যের শেষ অংশে যাতায়াত সহজ করতে মনোরেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।ডিটিসিএর উদ্যোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি) ইতোমধ্যে প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করেছে। বর্তমানে বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে। চুক্তি অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে নকশা জমা দেওয়ার কথা রয়েছে।এ জন্য রাজস্ব বাজেট থেকে ৭ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এই অর্থ দিয়ে প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা এবং প্রস্তাবিত দুটি মনোরেল রুটের বিস্তারিত নকশা তৈরির কাজ করা হচ্ছে।ড. মো. মশিউর রহমান বলেন, প্রস্তাবিত মনোরেল রাজধানীর গণপরিবহন নেটওয়ার্ককে আরও বিস্তৃত করবে। পরিবেশবান্ধব, টেকসই ও দক্ষ পরিবহনব্যবস্থা হিসেবে এটি যাত্রীদের চলাচল সহজ করতে পারে। বিশেষ করে যেসব এলাকায় যাত্রীদের চাপ বেশি, সেখানে এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে।তিনি আরও জানান, মনোরেল রুটের সঙ্গে বর্তমানে চালু এবং পরিকল্পনাধীন মেট্রোরেল ও অন্যান্য গণপরিবহন ব্যবস্থার সমন্বয়ের সুযোগ রাখা হবে।প্রাথমিকভাবে চিহ্নিত পাঁচ রুটহালনাগাদ সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় (আরএসটিপি) প্রায় ৭৯ দশমিক ৪ কিলোমিটার দৈর্ঘ্যের পাঁচটি মনোরেল রুটের প্রস্তাব রয়েছে। এসব রুটের মধ্য থেকে একটি অগ্রাধিকারপ্রাপ্ত রুট তিন মাসের মধ্যে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। পুরো সমীক্ষা শেষ করার লক্ষ্য ছয় মাস।প্রাথমিকভাবে চিহ্নিত রুটগুলো হলো—১. পূর্বাচল ও জলসিঁড়ি হয়ে বিমানবন্দর-বসুন্ধরা: ২৫ দশমিক ২ কিলোমিটার।২. মধ্য বাড্ডা-ভুলতা: ১৪ দশমিক ৬ কিলোমিটার।৩. রামপুরা-ডেমরা: ১০ দশমিক ৩ কিলোমিটার।৪. মোহাম্মদপুর-পোস্তগোলা: ১১ দশমিক ৭ কিলোমিটার।৫. উত্তরা সেন্টার হয়ে বিমানবন্দর-সাভার: ১৭ দশমিক ৬ কিলোমিটার।এমআরটি লাইনগুলোর আশপাশে যেসব এলাকায় বাসের মাধ্যমে ফিডার সার্ভিস দেওয়ার সুযোগ সীমিত, সেসব অঞ্চলকে গুরুত্ব দিয়ে প্রাথমিক রুটগুলো চিহ্নিত করা হয়েছে।এ ছাড়া প্রস্তাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে কামরাঙ্গীরচর পর্যন্ত ৯টি স্টেশনসহ মনোরেল-৮, আলুব্দী থেকে পশ্চিম আগারগাঁও অথবা শ্যামলী পর্যন্ত ১০টি স্টেশনসহ মনোরেল-১০ এবং পল্টন থেকে সদরঘাট অথবা ঝিলমিল পর্যন্ত ৬ বা ১১টি স্টেশনসহ মনোরেল-১৩-এর উল্লেখ রয়েছে।রুট নির্বাচনে যেসব বিষয় বিবেচনায়ডিটিসিএর কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন এলাকার যান চলাচলের মডেলভিত্তিক সমীক্ষা থেকে যাত্রীদের চাহিদা নিরূপণ করা হয়েছে। এসব তথ্য বিশ্লেষণের জন্য বুয়েটের পরামর্শকদের কাছে দেওয়া হয়।এ বিষয়ে ডিটিসিএর সঙ্গে বুয়েটের পরামর্শকদের ‘কনসালট্যান্সি সার্ভিস ফর প্রি-ফিজিবিলিটি স্টাডি অব মনোরেল অ্যালাইনমেন্ট ইন্টিগ্রেশন উইথ মাস ট্রানজিট নেটওয়ার্কস ইন ঢাকা মেট্রোপলিটন রিজিয়ন’ শীর্ষক চুক্তি হয়েছে।বুয়েটের এক পরামর্শক জানান, সমীক্ষার অংশ হিসেবে মহানগর এলাকার জনসংখ্যা, সম্ভাব্য স্টেশনগুলোর যাত্রী আকর্ষণের পরিধি, গণপরিবহন সেবার অপ্রাপ্যতা, যানজটপ্রবণ এলাকা, ডিপো নির্মাণের জন্য জমির প্রাপ্যতা এবং ভবিষ্যতে রুট সম্প্রসারণের সম্ভাবনা পর্যালোচনা করা হয়েছে।সরকারি অর্থায়নে পরিচালিত এই সমীক্ষায় সম্ভাব্য রুটের অবস্থান, স্টেশন ও ডিপোর জায়গা, যাত্রী চাহিদা, কারিগরি ও কাঠামোগত উপযোগিতা, অর্থনৈতিক সম্ভাবনা এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন করা হবে। পাশাপাশি নির্মাণ ব্যয়, যাত্রী পরিবহনের সক্ষমতা এবং পরিচালন ব্যয়ও বিশ্লেষণ করা হবে। এ কাজে দেশীয় ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের পরামর্শক হিসেবে যুক্ত করা হয়েছে।ঘনবসতিপূর্ণ এলাকায় মনোরেলের সম্ভাবনা যাচাইমনোরেল এমন একটি পরিবহনব্যবস্থা, যা উড়াল কাঠামোর ওপর দিয়ে চলাচল করে। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে সড়কের জায়গা সীমিত থাকায় এবং অবকাঠামোগত প্রতিবন্ধকতার কারণে প্রচলিত গণপরিবহন অবকাঠামো নির্মাণ কঠিন হতে পারে। এসব বাস্তবতায় মনোরেল কতটা কার্যকর হবে, তা যাচাই করছে ডিটিসিএ।প্রস্তাবিত ব্যবস্থা পরিবেশবান্ধব ও টেকসই গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট পরামর্শকেরা। সরকারের বৃহত্তর নগর পরিবহন উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ঢাকায় মনোরেল চালুর এ উদ্যোগ নেওয়া হয়েছে।তবে পাঁচটি সম্ভাব্য রুটের তালিকা থাকলেও শেষ পর্যন্ত কোন দুটি রুট নির্মাণের জন্য চূড়ান্ত হবে, তা নির্ধারিত হবে সমীক্ষা ও বিস্তারিত মূল্যায়ন শেষে।

যানজট কমাতে ঢাকায় মনোরেল, প্রাথমিক তালিকায় পাঁচ রুট