নতুন দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ ও মনিরা শারমিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই উপকমিটির উপপ্রধান হিসেবে মনোনীত হয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দলটির পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের যৌথ অনুমোদনক্রমে এই উপকমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে রাজনৈতিক ও সাংগঠনিক সমন্বয় জোরদার করা, আন্তর্জাতিক পরিমণ্ডলে দলীয় কার্যক্রম বেগবান ও সুসংহত করা এবং প্রবাসীদের সামগ্রিক কল্যাণমূলক কর্মকাণ্ডকে এক ছাতার নিচে নিয়ে আসার লক্ষ্যেই এ বিশেষ কমিটি গঠন করা হয়েছে।নবগঠিত এ উপকমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে চারজনকে। তাঁরা হলেন—রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা।এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ। উপকমিটির গুরুত্বপূর্ণ প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।দলটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই উপকমিটি গঠনের মধ্য দিয়ে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের অধিকার রক্ষা এবং জাতীয় রাজনীতিতে প্রবাসী ডায়াস্পোরার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে জাতীয় নাগরিক পার্টি।