ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করে তিনটি বিমানবাহী রণতরি রেখেছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে এখন একসঙ্গে অবস্থান করছে দেশটির তিনটি বিমানবাহী রণতরি। সর্বশেষ সেখানে পৌঁছেছে বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’।মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে এক মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইউএসএস থিওডোর রুজভেল্ট বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। এর আগে থেকেই অঞ্চলটিতে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের অপর দুটি বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ এবং ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’। এর ফলে মধ্যপ্রাচ্যে এখন একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরির উপস্থিতি নিশ্চিত হলো।তবে এই তিনটি রণতরির একসঙ্গে অবস্থান দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ঠিক কোন সুনির্দিষ্ট কারণে একই সময়ে তিনটি রণতরি ওই অঞ্চলে রেখেছে, সে বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর নিয়মিত দায়িত্ব পরিবর্তন (রোটেশন) ও মোতায়েনের অংশ হিসেবে বিভিন্ন বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ অঞ্চলটিতে আসা-যাওয়া করছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনটি রণতরির একসঙ্গে এই উপস্থিতি সাময়িক হতে পারে।মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই তিনটি রণতরির উপস্থিতি এমন এক সময়ে সামনে এল, যখন অঞ্চলটির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও চলমান সামরিক উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ বিরাজ করছে।এর আগে সম্প্রতি ইসরাইলি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে সেই দাবি সরাসরি নাকচ করে দিয়ে মার্কিন সামরিক বাহিনী বলেছে, আঞ্চলিক সামরিক অবস্থান পরিবর্তনের বিষয়ে এসব খবর ‘নিছক জল্পনা’।

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করে তিনটি বিমানবাহী রণতরি রেখেছে যুক্তরাষ্ট্র