ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মণিপুরে নতুন করে ব্যাপক সহিংসতা, দুই সংঘাতে নিহত ৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়েছে। রাজ্যের পৃথক দুটি স্থানে সংঘাত ও গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।রোববার (১ নভেম্বর ২০২৬) মণিপুর রাজ্য পুলিশের আনুষ্ঠানিক বিবৃতির বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাজ্যের নোনি জেলায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে কুকি সম্প্রদায়ের তিন সদস্য নিহত হন। এ ছাড়া সপ্তাহের শুরুতে নিখোঁজ হওয়া একই সম্প্রদায়ের আরও দুই ব্যক্তির মরদেহ রোববার সকালে ক্যাংপোকপি জেলা থেকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালানোর সময় তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়।কুকি জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় কাজ করা মণিপুরের একটি শীর্ষ সংগঠন এসব হত্যাকাণ্ডের জন্য নাগা বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র দলগুলোকে দায়ী করেছে। তাদের অভিযোগ, নিজেদের পৈতৃক ভূমিতে কুকি সম্প্রদায়ের ওপর বিনা উসকানিতে এই রক্তক্ষয়ী হামলা চালানো হয়েছে।এদিকে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাতিলের দাবিতে রাজ্যের রাজধানী ইম্ফলসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভ চলছে। চুক্তি বাতিলের দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে স্লোগান দেওয়ার মধ্যেই নতুন করে এই প্রাণহানির ঘটনা ঘটল।উল্লেখ্য, মণিপুরে নিজস্ব জাতিগত ভৌগোলিক সীমানার দাবি নিয়ে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে ঐতিহাসিক বিরোধ রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক নাগা ব্যক্তি কুকি সদস্যদের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনাকে ঘিরে পুরনো এ উত্তেজনা নতুন মাত্রা পায়। পরবর্তীতে গত মে মাসে নাগা সশস্ত্র গোষ্ঠীর হাতে তিন কুকি যাজক নিহত হলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অপহরণ ও হত্যার চক্র শুরু হয়।এই নতুন সংঘাত রাজ্যটির সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলেছে। সরকারি সুযোগ-সুবিধা ও সংরক্ষণ কোটাকে কেন্দ্র করে ২০২৩ সালের মে মাস থেকে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সঙ্গে কুকিদের রক্তক্ষয়ী সংঘর্ষ অব্যাহত রয়েছে। সেই দীর্ঘস্থায়ী সংঘাতে এ পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত ৬০ হাজারেরও বেশি মানুষ এখনো বিভিন্ন অস্থায়ী আশ্রয়শিবিরে মানবেতর দিন কাটাচ্ছেন।সূত্র: রয়টার্স 

মণিপুরে নতুন করে ব্যাপক সহিংসতা, দুই সংঘাতে নিহত ৫