নতুন ফ্ল্যাগশিপ ফোন সিগনেচার ২৭ আনল মটোরোলা
নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিগনেচার ২৭ উন্মোচন করেছে মটোরোলা। ফোনটিতে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্ন্যাপড্রাগন সামিট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে নতুন স্মার্টফোনটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি।মটোরোলা জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের বাজারে সিগনেচার ২৭ পাওয়া যাবে। তবে ফোনটির নির্দিষ্ট বিক্রয় তারিখ এখনো ঘোষণা করা হয়নি।সিগনেচার ২৭-এর নকশায় রয়েছে পাতলা অ্যালুমিনিয়ামের বডি। ফোনটির পেছনে ক্যামেরাগুলো একটি উঁচু অংশে বসানো হয়েছে, যেটিকে মটোরোলা ‘ক্যামেরা প্লেন’ নামে অভিহিত করছে। সেখানে চারটি ক্যামেরা খিলানের মতো করে সাজানো হয়েছে।ফোনটি প্যানটোন কোল স্মোক ও প্যানটোন ক্যাপুলেট অলিভ—এই দুই রঙে পাওয়া যাবে। মডেলভেদে ফোনটির পেছনে ভিন্ন ধরনের টেক্সচারও থাকবে। এর একটি সংস্করণে বোনা কাপড়ের মতো ফিনিশ ব্যবহার করা হয়েছে।ক্যামেরার ক্ষেত্রেও সিগনেচার ২৭-এ বিশেষ গুরুত্ব দিয়েছে মটোরোলা। ফোনটিতে ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকছে। প্রধান ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের এবং এতে সনির লিটিয়া ৯১০ সেন্সর ব্যবহার করা হয়েছে।মটোরোলার তথ্য অনুযায়ী, সনির এই সেন্সরে ‘লফিক’ প্রযুক্তি রয়েছে, যা সর্বোচ্চ ১৭ স্টপ ডায়নামিক রেঞ্জ সমর্থন করে। এর ফলে ছবির উজ্জ্বল ও অন্ধকার—দুই ধরনের অংশের বিস্তারিত তথ্য ধরে রাখার সক্ষমতা বাড়তে পারে।অডিওর ক্ষেত্রেও প্রিমিয়াম অভিজ্ঞতার দিকে গুরুত্ব দিয়েছে মটোরোলা। সিগনেচার ২৭-এ অডিও প্রযুক্তি হিসেবে ‘ব্যাং অ্যান্ড ওলুফসেন’-এর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ফোনটিকে প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে বাজারজাত করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।তবে সিগনেচার ২৭-এর সব স্পেসিফিকেশন এখনো প্রকাশ করেনি মটোরোলা। ফোনটির ডিসপ্লে, ব্যাটারির সক্ষমতা, চার্জিং গতি, র্যাম ও স্টোরেজের বিভিন্ন সংস্করণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।সিগনেচার ২৭-এর অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দীর্ঘমেয়াদি সফটওয়্যার সমর্থন। মটোরোলা জানিয়েছে, ফোনটিতে সাত বছর অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া হবে।আগের সিগনেচার মডেলের তুলনায় নতুন ফোনটির আরেকটি বড় পরিবর্তন হলো যুক্তরাষ্ট্রের বাজারে এর বিক্রি। এর মাধ্যমে ফোল্ডেবল স্মার্টফোনে বেশি গুরুত্ব দেওয়ার পর প্রচলিত প্রিমিয়াম স্মার্টফোনের বাজারেও মটোরোলা আবার জোরালোভাবে অবস্থান নেওয়ার উদ্যোগ নিয়েছে।