দুর্নীতির অভিযোগ অস্বীকার করেও পদত্যাগের ঘোষণা মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের
সরকারি রেল প্রকল্প থেকে আড়াই কোটি ডলার আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনা খুরেলসুখ। তবে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। তদন্তে সহযোগিতা করে নিজেকে নির্দোষ প্রমাণের কথাও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পদত্যাগের সিদ্ধান্ত জানান খুরেলসুখ। ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির (এমপিপি) এক নেতার অভিযোগ এবং বিরোধীদের পদত্যাগের দাবির মুখে তিনি এ ঘোষণা দেন।বিতর্কের সূত্রপাত গত শনিবার (১৪ নভেম্বর)। ওই দিন রাজধানী উলানবাটরের সাবেক মেয়র নিয়ামবাতার খিশগি অভিযোগ করেন, সাত বছর আগে একটি সরকারি রেল প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টতার মাধ্যমে খুরেলসুখ ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার গ্রহণ করেছিলেন।অভিযোগে উল্লেখ করা প্রকল্পটি হলো তাভানতোলগোই-গাশুনসুখাইত রেলপথ। সে সময় মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন খুরেলসুখ।অভিযোগকারী নিয়ামবাতার খিশগিও ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির সদস্য। তবে দলের অভ্যন্তরে তিনি প্রেসিডেন্টের চেয়ে ভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত।ফলে দুর্নীতির অভিযোগ ঘিরে ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ বিভাজনও সামনে এসেছে।অভিযোগ প্রকাশ্যে আসার পর প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। এতে তাঁর ওপর রাজনৈতিক চাপ আরও বেড়ে যায়।তবে মঙ্গলবারের ভাষণে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ সরাসরি অস্বীকার করেন খুরেলসুখ। তাঁর দাবি, এক মাসের বেশি সময় ধরে পরিকল্পিতভাবে তাঁর সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।তিনি বলেন, জনগণ কিংবা রাষ্ট্রের কোনো সম্পদ তিনি আত্মসাৎ করেননি।অভিযোগ প্রত্যাখ্যান করলেও প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন খুরেলসুখ। একই সঙ্গে তদন্তকারী কর্তৃপক্ষকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।তবে তাঁর বিরুদ্ধে উত্থাপিত আড়াই কোটি ডলার গ্রহণের অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণার পর পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া কীভাবে এগোবে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)