পাকিস্তানে পুলিশের বহরে ভয়াবহ হামলা: ডিএসপিসহ নিহত ১০!
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় পুলিশের একটি অভিযানকারী দলের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ও উপ-পরিদর্শকসহ (এসআই) অন্তত ১০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলার সময় সন্ত্রাসীরা পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বুধবার (১১ নভেম্বর ২০২৬) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নোমান জেবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।পুলিশের মুখপাত্র মুহাম্মদ নোমান জেব জানান, কোহাটের গামবাত এলাকায় অবৈধভাবে সোনা উত্তোলনের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনার উদ্দেশ্যে পুলিশের দলটি রওনা হয়েছিল। যাত্রাপথে কোহাট ও কারাক জেলার মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়।প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্গম পাহাড়ের ওপর থেকে পুলিশ সদস্যদের বহর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে হামলাকারীরা। এতে পুলিশের পক্ষ থেকেও পাল্টা গুলি চালানো হলে উভয় পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ব্যাপক গোলাগুলি চলে। হামলায় নিহতদের মধ্যে গামবাতের ডিএসপি হায়দার জামান এবং এসআই মুখতিয়ার রয়েছেন বলে পুলিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ও বাড়তি গাড়ি পাঠানো হয়েছে। পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি কোহাটের গামবাত তহসিলে এ ভয়াবহ হামলার পর আহত ও নিহতদের ব্যবস্থাপনায় জেলা সদর টিচিং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।উল্লেখ্য, সাম্প্রতিক কয়েক মাসে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ধারাবাহিকভাবে এ ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে চলেছে।