ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে ভূমিমন্ত্রীকে

হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হওয়া ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে রামেক হাসপাতাল থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে তাঁকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আকাশপথে ঢাকায় এনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ/পিজি হাসপাতাল) ভর্তি করার প্রক্রিয়া চলছে।ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিজানুর রহমান মিনু গত কয়েক দিন ধরেই কিছুটা অসুস্থতা ও দুর্বলতা অনুভব করছিলেন। এর মধ্যে মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি অংশ নেন। তবে পরদিন বুধবার সকালে তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে দ্রুত তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার অংশ হিসেবে তাঁর শরীরে তিন ব্যাগ রক্ত দিতে হয়। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে অধিকতর উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য তাঁকে রাজধানী ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।ভূমিমন্ত্রীর শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বুধবার রামেক হাসপাতালে তাঁকে দেখতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আ ন ম বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা এবং রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ বিপুলসংখ্যক চিকিৎসক ও দলীয় নেতাকর্মী। এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন এবং চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফেরেন।এদিকে নিজের শারীরিক অসুস্থতা নিয়ে বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন ভূমিমন্ত্রী। পোস্টে তিনি লেখেন, “আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সমগ্র দেশবাসীর কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন আমাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থ হয়ে আমি যেন আবারও মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারি।”

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে ভূমিমন্ত্রীকে