ভিয়েতনাম যুদ্ধের চেয়েও বেশি ফায়ারপাওয়ার ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র’
ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যে পরিমাণ সামরিক শক্তি বা ফায়ারপাওয়ার ব্যবহার করেছিল, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে তার চেয়েও বেশি শক্তি ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।সোমবার (১৭ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে সম্প্রচারিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি করেন। তবে তার বক্তব্যের পক্ষে নিরপেক্ষভাবে যাচাই করা কোনো পরিসংখ্যান বা বিস্তারিত তথ্য প্রকাশ্যে পাওয়া যায়নি। গালিবাফ বলেন, যুদ্ধ ও শান্তির ধারাবাহিক চক্রে আটকে পড়া এড়াতে ইরানকে অবশ্যই ‘প্রতিরোধের একটি বিন্দুতে’ পৌঁছাতে হবে। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ভবিষ্যতে সম্ভাব্য নতুন সংঘাত মোকাবিলায় ইরানকে সামরিক ও কৌশলগতভাবে আরও প্রস্তুত থাকতে হবে।
এর আগে ১ আগস্ট গালিবাফ দাবি করেছিলেন, ইরান চলমান যুদ্ধে জয়লাভ করেছে। একই সঙ্গে তিনি দেশটির জনগণকে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকার আহ্বান জানিয়েছিলেন।এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি কাটেনি। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, জ্বালানি সরবরাহ এবং নিষেধাজ্ঞা নিয়ে বিরোধ নতুন করে সামনে এসেছে। গালিবাফের সর্বশেষ মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরানের নেতৃত্ব যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক চাপও মোকাবিলা করছে। ফলে তার ‘প্রতিরোধের বিন্দু’তে পৌঁছানোর আহ্বানকে দীর্ঘমেয়াদি সামরিক প্রস্তুতির বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।সূত্র: মিডল ইস্ট মনিটর