ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভাইরাসের ধকল কাটতে না কাটতেই হাসপাতালে ভিনসেন্ট কোম্পানি

ভাইরাস সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই আবার অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানিকে। শুক্রবার (২৩ অক্টোবর) জার্মান ক্লাবটির দ্বিতীয় দলের অনুশীলন পর্যবেক্ষণের সময় অসুস্থ বোধ করলে জরুরি চিকিৎসকের সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে মিউনিখের একটি হাসপাতালে নেওয়া হয়। ৪০ বছর বয়সী এই বেলজিয়ান কোচের চিকিৎসা চলছে।বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ক্লাবটি জানায়, হাসপাতালে কোম্পানির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘শুক্রবার এফসি বায়ার্নের দ্বিতীয় দলের অনুশীলন চলাকালে অসুস্থ হয়ে পড়ায় ভিনসেন্ট কোম্পানির চিকিৎসার প্রয়োজন হয়। প্রথম দলের কোচ হিসেবে তিনি দ্বিতীয় দলের অনুশীলন দেখছিলেন। হাসপাতালে তাঁর বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং তিনি চিকিৎসাধীন থাকবেন।’গত কয়েক দিন ধরে ভাইরাস সংক্রমণে ভুগছিলেন কোম্পানি। এ কারণে বায়ার্নের কয়েকটি অনুশীলনেও অংশ নিতে পারেননি তিনি। জার্মান সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে ক্লাবের আনুষ্ঠানিক বিবৃতিতে তাঁর বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।কোম্পানির সুস্থ হয়ে ওঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বায়ার্ন কর্তৃপক্ষ। ক্লাবটির ক্রীড়া বিভাগের বোর্ড সদস্য ম্যাক্স এবার্ল বলেন, ‘কোম্পানি প্রয়োজনীয় সব চিকিৎসা ও সহায়তা পাচ্ছেন। সুস্থ হতে তার যতটা সময় প্রয়োজন, তাকে সেই সময় দেওয়া হবে। তার কোচিং স্টাফের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। বায়ার্নের সবাই ভিনিকে দ্রুত সুস্থ হয়ে ওঠার শুভকামনা জানাচ্ছে।’এর আগে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করেছিল বায়ার্ন। সেই ম্যাচের আগে নিজের অসুস্থতা নিয়ে কথা বলেছিলেন কোম্পানি। তিনি বলেন, ‘কোচ হিসেবে আপনি সব সময় সবকিছু করতে চান, সবকিছুর দেখভাল করতে চান। গত সপ্তাহে বেশ খারাপ একটি ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। এরপরও শরীরের কথা শুনিনি। একপর্যায়ে শরীরই বলে দিয়েছে, এবার থামো।’২০২৪ সালে ম্যানচেস্টার সিটির সাবেক এই ডিফেন্ডার বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব নেন। তাঁর অধীনে ক্লাবটি প্রথম দুই মৌসুমেই বুন্দেসলিগার শিরোপা জিতেছে।এদিকে বুন্দেসলিগার শীর্ষে থাকা বায়ার্ন আগামী রোববার ফ্রেইবুর্গের মাঠে খেলতে যাবে। তবে কোম্পানির বর্তমান শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে ওই ম্যাচে তাঁর উপস্থিতি নিয়ে প্রতিবেদনে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।

ভাইরাসের ধকল কাটতে না কাটতেই হাসপাতালে ভিনসেন্ট কোম্পানি