সন্তান নিয়ে ভারতে পালালেন রুশ নারী! ইন্টারপোলের রেড নোটিশ
দাম্পত্য কলহ ও সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিরোধের জেরে শিশুসন্তানকে নিয়ে গোপনে ভারত ছেড়ে যাওয়া এক রুশ নাগরিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে। অভিযুক্ত নারীর নাম ভিক্টোরিয়া বসু। বৃহস্পতিবার দিল্লির সাকেত জেলা আদালতে দাখিল করা অ্যাকশন টেকেন রিপোর্টে (এটিআর) এ তথ্য নিশ্চিত করেছে দিল্লি পুলিশ।মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালে ভারতীয় নাগরিক সৈকত বসুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রুশ নাগরিক ভিক্টোরিয়া। ২০২০ সালের ২৯ অক্টোবর এই দম্পতির একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। পরবর্তীতে পারিবারিক বিরোধ ও সন্তানের আইনি অভিভাবকত্ব নিয়ে তিক্ততা চরমে পৌঁছালে ২০২৫ সালে দিল্লির ডিফেন্স কলোনি থানায় একটি আনুষ্ঠানিক মামলা (এফআইআর) দায়ের করা হয়।আদালতে পেশ করা তথ্যে সৈকত বসু অভিযোগ করেন, ২০২৩ সালের ১৩ মার্চ তাঁকে কোনো প্রকার না জানিয়েই নিজের মাকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান ভিক্টোরিয়া। প্রাথমিকভাবে তিনি সন্তানকে বাড়িতে রেখে গেলেও পরবর্তীতে আদালতে শিশুটির একচ্ছত্র অভিভাবকত্ব চেয়ে আইনি আবেদন করেন। একপর্যায়ে সুযোগ বুঝে শিশুটিকে সঙ্গে নিয়ে গোপনে ভারত ত্যাগ করেন তিনি।বর্তমানে দিল্লির সাকেত জেলা আদালতের প্রথম শ্রেণির বিচারিক ম্যাজিস্ট্রেট দীপাক্ষী রানার এজলাসে মামলাটির বিচারিক কার্যক্রম চলছে। শুনানিতে দিল্লি পুলিশ আদালতকে অবহিত করে, পলাতক অভিযুক্ত ভিক্টোরিয়া বসুকে ফিরিয়ে আনতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণের (Extradition) আবেদন পাঠানো হয়েছে।একই সঙ্গে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ কার্যকর করা হয়েছে, যাতে তাঁর অবস্থান শনাক্ত করে দ্রুত আটক করা সম্ভব হয়। তদন্তকারী কর্মকর্তা জানান, অভিযোগকারীর দাখিল করা প্রয়োজনীয় সমস্ত নথি নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে এবং সার্বিক অগ্রগতির বিষয়ে আদালতে পরবর্তী প্রতিবেদন জমা দেওয়ার জন্য কিছুটা সময় চাওয়া হয়েছে।