ঢাকা, বাংলাদেশ
২৮° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ৪ শিশুসহ নিহত ১৩

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু, চার নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে রাঁচি-পাটনা মহাসড়কের ৩৩ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। হতাহত ব্যক্তিরা বিহারের নালন্দা জেলা থেকে ঝাড়খণ্ডের রাজারাপ্পা মন্দিরে পূজা দিতে যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নালন্দা জেলার জানঘারো গ্রামের ১৪ জন বাসিন্দা একটি স্করপিও গাড়িতে করে মন্দিরের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে রামগড় জেলায় পৌঁছালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত সেখানে পৌঁছান। তাঁরা দুর্ঘটনাকবলিত গাড়ির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেন।পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়। দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।নিহত সবাই বিহারের নালন্দা জেলার বাসিন্দা। একসঙ্গে এত মানুষের প্রাণহানির ঘটনায় তাঁদের নিজ গ্রাম জানঘারোতে শোকের ছায়া নেমে এসেছে।দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হয়নি। গাড়ির নিয়ন্ত্রণ হারানো, অতিরিক্ত গতি কিংবা অন্য কোনো কারণে দুর্ঘটনাটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ৪ শিশুসহ নিহত ১৩
Richman