ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কত টাকা সাশ্রয় করবেন ক্রেতারা?

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানোর সিদ্ধান্ত জানিয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।বুধবার (১৮ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমেছে। সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণ ও রুপার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। গত ১৪ নভেম্বরও প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছিল বাজুস। সংগঠনটির দেওয়া হিসাব অনুযায়ী, সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে ষষ্ঠ দফায় স্বর্ণের দাম কমানো হয়েছে। এ নিয়ে প্রতি ভরিতে মোট দাম কমেছে ১৪ হাজার ৮১২ টাকা।বাজুসের নতুন মূল্যতালিকায় অন্যান্য মানের স্বর্ণের দামও নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকায়।স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৮০ টাকা করা হয়েছে।বাজুসের নির্দেশনায় আরও বলা হয়েছে, স্বর্ণ ও রুপার নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে নির্ধারিত দামের বাইরে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায়ের সুযোগ নেই। তবে গয়নার নকশা ও ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি দিতে হবে ক্রেতাদের।বাজুসের হিসাব অনুযায়ী, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৩ দফা কমানো হয়েছে। বাকি এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কত টাকা সাশ্রয় করবেন ক্রেতারা?