আক্রমণভাগ আরও শক্তিশালী করতে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরাসি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে দলে ভেড়ানোর বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে লিভারপুল।২৩ বছর বয়সী এই ফুটবলারের জন্য লিভারপুল সর্বোচ্চ ১২৩ মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ করতে পারে। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে এটি হতে যাচ্ছে ক্লাবটির অন্যতম বড় সংযোজন।বিবিসির তথ্য অনুযায়ী, বারকোলার জন্য লিভারপুল ১০৬ মিলিয়ন পাউন্ডের একটি মূল চুক্তি করবে। এর সঙ্গে পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন শর্ত পূরণ হলে আরও ১৭ মিলিয়ন পাউন্ড যোগ হতে পারে।দ্য অ্যাথলেটিক জানিয়েছে, বারকোলা লিভারপুলের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করতে যাচ্ছেন।২০২৩ সালে নিজের শৈশবের ক্লাব অলিম্পিক লিওঁ ছেড়ে পিএসজিতে যোগ দেন বারকোলা। ফরাসি ক্লাবটিতে সময়টা বেশ সফল ছিল তার।[BANGVIEWS-POST:4708]পিএসজির হয়ে তিনি টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের পাশাপাশি তিনটি লিগ ওয়ান এবং দুটি ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতেছেন।পিএসজির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫২ ম্যাচ খেলেছেন বারকোলা। এ সময়ে তিনি করেছেন ৩৯ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩৭টি গোল।যদিও পিএসজির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ আরও দুই বছর বাকি ছিল, তবে লিভারপুলের আগ্রহে শেষ পর্যন্ত ক্লাব বদলের পথেই এগোচ্ছেন এই ফরাসি ফরোয়ার্ড।এর আগে উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহো, ফরাসি সেন্টার ব্যাক জেরেমি জ্যাকুয়েট এবং স্প্যানিশ ফরোয়ার্ড ভিক্টর মুনোজকে দলে নিয়েছে লিভারপুল। বারকোলা হতে যাচ্ছেন ইরাওলার পরিকল্পনার আরেক বড় সংযোজন।লিভারপুলের বর্তমান আক্রমণভাগে রয়েছেন আলেকজান্ডার ইসাক, কোডি গাকপো, রিও এনগুমোহা ও ভিক্টর মুনোজ। দলের বড় তারকা মোহাম্মদ সালাহর বিদায়ের পর নতুনভাবে আক্রমণ সাজানোর চেষ্টা করছে ইংলিশ ক্লাবটি। এদিকে দীর্ঘমেয়াদি চোটের কারণে ফরোয়ার্ড হুগো একিতিকে বর্তমানে মাঠের বাইরে থাকায় বারকোলার আগমন লিভারপুলের আক্রমণভাগে আরও বিকল্প তৈরি করবে।