ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শুধু মুনাফা নয়, সমাজের উন্নয়নেও ভূমিকা রাখতে হবে: গ্রামীণফোন সিইও

ব্যবসাপ্রতিষ্ঠানের সফলতা শুধু মুনাফা অর্জনের ওপর নির্ভর করে না, সমাজের উন্নয়নেও তাদের দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান। তাঁর মতে, ব্যবসাকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে হলে সমাজের স্থায়িত্ব ও কল্যাণের বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে।মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুল আয়োজিত ‘লেন্স’ লিডারশিপ ডায়ালগ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।‘লিডারস অ্যাজ চেঞ্জ মেকারস’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে ইয়াসির আজমান ব্যবসা পরিচালনা, নেতৃত্বের দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।তিনি বলেন, কর্মজীবনে প্রবেশের পর কেবল প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্য পূরণের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখা উচিত নয়। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের কল্যাণে কী ধরনের অবদান রাখা যায়, সেটিও বিবেচনা করা প্রয়োজন।গ্রামীণফোনের সিইও মনে করেন, ব্যবসা ও সমাজ একে অপরের সঙ্গে সম্পর্কিত। সমাজের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত না হলে ব্যবসার দীর্ঘমেয়াদি সফলতাও বাধাগ্রস্ত হতে পারে।নেতৃত্বের ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একজন নেতার কাজ শুধু প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা নয়। একই সঙ্গে মানুষ ও প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্বও তাঁর রয়েছে।এ জন্য বর্তমানের কাজ সঠিকভাবে পরিচালনার পাশাপাশি ভবিষ্যতের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত সময় নেওয়ার বিষয়েও শিক্ষার্থীদের পরামর্শ দেন ইয়াসির আজমান। তাঁর মতে, কোনো বিষয়ে ৭০ থেকে ৮০ শতাংশ নিশ্চিত হওয়া গেলে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করা উচিত।এরপর বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্তে পরিবর্তন আনা সম্ভব। কারণ, যথাসময়ে বাস্তবায়ন না হলে একটি ভালো সিদ্ধান্তও কার্যকারিতা হারাতে পারে।অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে যে জ্ঞান অর্জন করেন, তা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের সুযোগ তৈরি করাই ‘লেন্স’ লিডারশিপ ডায়ালগ সিরিজের অন্যতম উদ্দেশ্য।আলোচনা শেষে ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

শুধু মুনাফা নয়, সমাজের উন্নয়নেও ভূমিকা রাখতে হবে: গ্রামীণফোন সিইও