ব্রুনোর সঙ্গে নতুন চুক্তির আলোচনা ম্যানচেস্টার ইউনাইটেডের
ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজকে আরও দীর্ঘ সময় ওল্ড ট্রাফোর্ডে ধরে রাখতে চায়। এ লক্ষ্যে পর্তুগিজ মিডফিল্ডারের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে ইংলিশ ক্লাবটি।ফুটবল দলবদলবিষয়ক সাংবাদিক ফাব্রিজিও রোমানোর তথ্যমতে, দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে এখনো নতুন চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।৩২ বছর বয়সী ব্রুনো মাইকেল ক্যারিকের দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই আছেন। চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম ছয় ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি।গ্রীষ্মকালীন দলবদলের সময় তুরস্কের গ্যালাতাসারাই ছাড়াও ইউরোপ ও সৌদি আরবের কয়েকটি ক্লাব ব্রুনোর প্রতি আগ্রহ দেখিয়েছিল। তবে ইউনাইটেড তাকে ছাড়ার পথে হাঁটেনি।নতুন চুক্তির মেয়াদ, বোনাস, বিভিন্ন শর্ত এবং সামগ্রিক কাঠামো নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। এসব বিষয়ে এখনো পুরোপুরি সমঝোতা না হওয়ায় চুক্তি সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে।ইএসপিএনের তথ্যমতে, ব্রুনোকে ধরে রাখার বিষয়ে ইউনাইটেড ইতিবাচক। তবে দীর্ঘমেয়াদি আর্থিক দায় এবং চুক্তির বিভিন্ন ধারা নিয়ে ক্লাব কর্তৃপক্ষ সতর্কভাবে এগোচ্ছে।আগামী বছর ৩৩ বছরে পা দেবেন ব্রুনো। ফলে তার বয়স বিবেচনায় নিয়ে বড় অঙ্কের দীর্ঘমেয়াদি চুক্তি করার আগে সব দিক যাচাই করছে ইউনাইটেড।তবে অধিনায়ক হিসেবে নেতৃত্ব, আক্রমণভাগে সৃজনশীলতা এবং গোল করার সামর্থ্যের কারণে ব্রুনো এখনো দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মাঝমাঠে কোবি মাইনু ও আন্দ্রে সান্তোসকে ঘিরে পরিবর্তনের চেষ্টা থাকলেও ব্রুনোর ভূমিকা কমেনি।গ্যালাতাসারাই ও সৌদি ক্লাবগুলোর আগ্রহের প্রেক্ষাপটে ব্রুনোর ভবিষ্যৎ নিশ্চিত করাকে এখন ম্যানচেস্টার ইউনাইটেডের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।