জি-৭ সম্মেলনে ক্ষতিগ্রস্ত অনুশীলন মাঠ, বিপাকে ব্রাইটন
জি-৭ সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের হেলিকপ্টার ওঠানামার কারণে মাঠের ঘাস ক্ষতিগ্রস্ত হওয়ায় ফ্রান্সে নির্ধারিত প্রাক্-মৌসুম প্রস্তুতি ক্যাম্প বাতিল করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন।ক্লাবটির ২৩ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকার রয়্যাল রিসোর্টে অনুশীলন করার কথা ছিল। সুইজারল্যান্ড সীমান্তের কাছাকাছি অবস্থিত এই ভেন্যুতেই নতুন মৌসুমের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করেছিল ব্রাইটন।তবে জুনের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের সময় রিসোর্টটির অনুশীলন মাঠগুলো হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের কাজে ব্যবহার করা হয়। সম্মেলনে যোগ দেওয়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের নেতাদের বহনকারী হেলিকপ্টার সেখানে নিয়মিত ওঠানামা করে।ভারী হেলিকপ্টারের বারবার অবতরণের কারণে মাঠের ঘাস ও মাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সম্মেলন শেষ হওয়ার পর মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা অনুশীলনের উপযোগী করা সম্ভব হয়নি।মাঠের পরিস্থিতি সরেজমিনে দেখতে ব্রাইটনের কয়েকজন কর্মকর্তা ফ্রান্সে যান। ভেন্যুর অবস্থা পর্যবেক্ষণের পর তাঁরা সেখানে ক্যাম্প আয়োজনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। শেষ পর্যন্ত খেলোয়াড়দের নিরাপত্তা ও অনুশীলনের মান বিবেচনায় পুরো ক্যাম্প বাতিলের সিদ্ধান্ত নেয় ক্লাবটি।এই সিদ্ধান্তের কারণে ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব অ্যানেসির বিপক্ষে ব্রাইটনের নির্ধারিত প্রস্তুতি ম্যাচটিও বাতিল হয়ে যায়।ফ্রান্স সফর বাতিল হওয়ার পর ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের ল্যান্সিংয়ে নিজেদের প্রশিক্ষণকেন্দ্রে অনুশীলন চালিয়ে যায় ব্রাইটন। সেখানে দর্শক ছাড়াই একটি প্রস্তুতি ম্যাচেও অংশ নেয় দলটি।ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, পরিকল্পনায় পরিবর্তন এলেও নতুন মৌসুমের প্রস্তুতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না। বিকল্প পরিকল্পনার অংশ হিসেবে অস্ট্রিয়ায় নতুন একটি প্রস্তুতি ক্যাম্প আয়োজন করা হয়েছে।অস্ট্রিয়ার ক্যাম্প শেষে স্ট্রাসবুর্গ, রোমা ও বোলোনিয়ার বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাইটনের।সূত্র: দ্য অ্যাথলেটিক