ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পূর্ব সাগরে প্রায় এক ডজন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পূর্ব সাগরের দিকে একসঙ্গে প্রায় এক ডজন স্বল্পপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির এই সামরিক তৎপরতার তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। ঘটনার পর অতিরিক্ত নজরদারি শুরু করেছে সিউল। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ক্ষেপণাস্ত্রসংক্রান্ত তথ্য বিনিময় জোরদার করা হয়েছে।দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়।ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব সাগর বা জাপান সাগরের দিকে নিক্ষেপ করা হয়েছে।প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী প্রায় এক ডজন স্বল্পপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানায়।উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রগুলোর অতিক্রান্ত দূরত্ব, গতিপথ এবং অন্যান্য প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিশ্লেষণ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে, এমন সম্ভাবনা বিবেচনায় সামরিক নজরদারি বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া।দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, যেকোনো নতুন উৎক্ষেপণের পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছে।একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসংক্রান্ত তথ্য বিনিময় করা হচ্ছে।দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের ভাষ্য অনুযায়ী, তিন দেশের মধ্যে ঘনিষ্ঠ তথ্য আদান-প্রদানের মাধ্যমে প্রতিরক্ষামূলক প্রস্তুতি বজায় রাখা হয়েছে।উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জাপানও।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমে জানায়, উত্তর কোরিয়া এমন একটি বস্তু নিক্ষেপ করেছে, যেটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।জাপানের কোস্ট গার্ডও ঘটনাটি পর্যবেক্ষণ করে এবং সংশ্লিষ্ট নৌযানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানায়।টোকিওভিত্তিক সংবাদমাধ্যম কিয়োদো নিউজ জানিয়েছে, সমুদ্রে কোনো উৎক্ষিপ্ত বস্তুর ধ্বংসাবশেষ পাওয়া গেলে সেগুলোর কাছে না যাওয়ার পরামর্শ দিয়েছে জাপানের কোস্ট গার্ড।পরে প্রকাশিত তথ্যে জানা যায়, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।এর আগে গত ১২ অক্টোবর পিয়ংইয়ং অঞ্চল থেকে পূর্ব সাগরের দিকে একাধিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া।ওই ঘটনার ১৭ দিন পর আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল দেশটি।দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, নতুন উৎক্ষেপণের বিষয়ে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ অব্যাহত রয়েছে।এদিকে উত্তর কোরিয়ার এই পদক্ষেপের পর দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে সামরিক সমন্বয় এবং নজরদারি আরও গুরুত্ব পেয়েছে।সূত্র : রয়টার্স।

পূর্ব সাগরে প্রায় এক ডজন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া